চুরি ঠেকাতে ফাঁদ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিনজনের মৃত্যু

আপডেট : ০৪ মে ২০১৯, ০৩:০৫ এএম

রংপুর নগরীর বনানীপাড়া এলাকায় ‘চুরি ঠেকাতে’ বাড়ির মালিকের পেতে রাখা বিদ্যুতের ফাঁদে স্পৃষ্ট হয়ে শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা ওই বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় বাড়ির মালিক সৈয়দ আলীকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলো ভাড়াটিয়া রুবেল ইসলামের স্ত্রী তানিয়া আকতার (২৫), তার শিশুকন্যা তাজনিয়াকে (৭), তানিয়ার মা তাজমহল (৬০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নগরীর বনানীপাড়ায় সৈয়দ আলীর দোতলা বাড়িতে ভাড়া থাকত চাকরিজীবী রুবেল ইসলামের পরিবার। বাড়িতে বেশ কয়েকবার চুরি হওয়ায় মালিক সৈয়দ আলী বাড়ির ছাদে জিআই তার দিয়ে বিদ্যুতের ফাঁদ করে রাখে। গতকাল দুপুরে তানিয়া আকতার তার শিশুকন্যা তাজনিয়াকে নিয়ে কাপড় শুকানোর জন্য ছাদে যান। এরপর পাতানো জিআই তারের ফাঁদে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাদের চিৎকারে তানিয়ার মা তাজমহল সেখানে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। খবর পেয়ে স্থানীয়রা বাড়ির মালিক সৈয়দ আলীকে আটকে রেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার জমির উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক সৈয়দ আলীকে থানায় নেওয়া হয়েছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত