তিন ম্যাচ নিষিদ্ধ এমবাপে

আপডেট : ০৪ মে ২০১৯, ১০:২৯ এএম

ফরাসি কাপের ফাইনালে রেনের বিপক্ষে লালকার্ড পাওয়া পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে লিগ ওয়ানে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ওই ম্যাচেই মাঠ ছাড়ার সময় এক সমর্থকের সঙ্গে নেইমারের বাজে আচরণের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

প্যারিসে গত শনিবার ফরাসি কাপের ফাইনালে টাইব্রেকারে রেনের কাছে ৬-৫ গোলে হারে পিএসজি। এর আগে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে স্কোরলাইন ছিল ২-২।

ম্যাচের ১১৮তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এমবাপে। বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষকের ডিফেন্ডার দামিয়েন দা সিলভাকে বিপজ্জনকভাবে ফাউল করলে ফরাসি এই ফরোয়ার্ডকে লাল কার্ড দেন রেফারি। পরে টিভি রিপ্লেতে দেখা যায় অনেকটা ইচ্ছাকৃতভাবে সিলভার হাঁটুতে লাথি মেরেছিলেন এমবাপে। তাতে বেড়েছে শাস্তি।

নিষেধাজ্ঞায় এরই মধ্যে লিগ ওয়ানে মোঁপেলিয়ের বিপক্ষে খেলতে পারেননি এমবাপে। খেলতে পারবেন না নিস ও অঁজির বিপক্ষে লিগের পরের দুই ম্যাচেও। তবে লিগে মৌসুমের শেষ দুই ম্যাচে খেলতে কোনো বাধা নেই এই ফরোয়ার্ডের।

এমবাপের উপর নিষেধাজ্ঞায় চলতি বছর গোল্ডেন বুট জেতার দৌড়ে বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে ধরার মতো আর কেউ রইল না। গোল্ডেন বুট জেতার লড়াইয়ে মেসির পেছনেই চোখ রাঙাচ্ছিলেন ২০ বছর বয়সী এই ফুটবলার।

শঙ্কা থাকছে নেইমারকে নিয়েও। এমনিতেই চ্যাম্পিয়ন্স লিগে রেফারিকে গাল দিয়ে তিন ম্যাচ নিষেধাজ্ঞায় আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফরাসি কাপ ফাইনালে দর্শককে ঘুষি মেরে ফের শাস্তির ঝুঁকিতে আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দোষী প্রমাণিত হলে তিন থেকে আট ম্যাচ নিষিদ্ধ হতে পারেন সর্বোচ্চ দামি ফুটবলার!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত