‘মেসি-রোনালদো ফেদেরার-নাদালের মতো’

আপডেট : ০৪ মে ২০১৯, ১২:২৯ পিএম

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর সময়ের ফুটবলার হতে পেরে নিজেকে ভাগ্যবান ভাবছেন ইউভেন্তুস ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনি। তার মতে, সময়ের অন্যতম সেরা এই দুই ফুটবলার টেনিসের দুই কিংবদন্তি রজার ফেদেরার ও রাফায়েল নাদালের মতো।

সেরি আয় শুক্রবার তুরিন ডার্বিতে রোনালদোর গোলে নগর প্রতিদ্বন্দ্বী তোরিনের সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রথমে পিছিয়ে পড়া ইউভেন্তুস। ক্লাব ফুটবলে পর্তুগিজ এই ফরোয়ার্ডের গোল দাঁড়িয়েছে ৬০১টি!

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে বার্সেলোনার ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন মেসি। তাতে বার্সেলোনা তথা ক্লাব ফুটবলে ৬০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন এই ফুটবলারও।

মেসি নাকি রোনালদো- এই দুই তারকা ফুটবলারের মধ্যে কে সেরা এই নিয়ে বিতর্কের শেষ নেই। তবে তাদের সময়ের প্রজন্মকে সৌভাগ্যবান মনে করছেন ইউভেন্তুস অধিনায়ক কিয়েল্লিনি।

“এই দুই তারকা খেলোয়াড়ের সময়ের হতে পেরে আমরা সৌভাগ্যবান। আমরা তাদেরকে ফেদেরার ও নাদালের সঙ্গে তুলনা করতে পারি।”

“একদিন দেখা যায় ক্রিস্তিয়ানো বিশ্বের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়, অন্যদিন মেসি। তবে সত্যটা হলো যে, তারা দুইজনই ভিন্ন গ্রহের, যারা আমাদের সঙ্গে ভিন্ন ধরনের খেলা খেলে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত