দুর্যোগ মোকাবিলায় আমাদের যথেষ্ট সামর্থ্য আছে: এনামুর

আপডেট : ০৪ মে ২০১৯, ০৭:০৭ পিএম

দুর্যোগ মোকাবিলায় বিদেশি সাহায্য নয়, আমাদেরই যথেষ্ট সামর্থ্য আছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

শনিবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যথেষ্ট সামর্থ্যবান সরকার, আমরা যথেষ্ট ধনী সরকার। দুর্যোগ মোকাবিলায় বিদেশি সাহায্য নয়, আমাদেরই যথেষ্ট সামর্থ্য আছে। প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) হাত পাতার পক্ষে নন।’

তিনি বলেন, ঘূর্ণিঝড় ফণীতে এখনো পর্যন্ত চারজনের প্রাণহানির খবর পেয়েছি। তাদের মধ্যে দুজন ঘর ধসে আর দুজন গাছ চাপায় মারা গেছেন। তাদের জন্য দুঃখ ও শোক প্রকাশ করছি। চেষ্টা ছিল সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার। শেষ পর্যন্ত ১৬ লাখ ৪০ হাজার ৪১৭ জনকে আনতে সক্ষম হয়েছি। যে চারজন মারা গেছেন, তারা আশ্রয় কেন্দ্রে যাননি। ভবিষ্যতে টার্গেট থাকবে একজনও যেন আশ্রয়কেন্দ্রের বাইরে না থাকে।’

তিনি আরও বলেন, আমরা সার্বিকভাবে প্রস্তুত ছিলাম। আল্লাহর অশেষ রহমতে বিপদ কেটে গেছে। আমাদের বিমানবাহিনী প্রস্তুত আছে ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।’

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান বলেন, ‘আমাদের সুষ্ঠু ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ ছিল। বিপদ সংকেত নামিয়ে আনার সাথে সাথে মানুষ যেন নিরাপদে আশ্রয়কেন্দ্র থেকে ফিরে যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।’

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক, প্রধান তথ্য কর্মকর্তা জয়নাল আবেদীন, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. সামছুদ্দিন আহমেদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুল হক প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত