৪৫০ দিন পর মুক্ত শিমুল বিশ্বাস

আপডেট : ০৫ মে ২০১৯, ০৩:২০ এএম

কারাগারে যাওয়ার ৪৫০ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। গতকাল শনিবার দুপুরে নরসিংদী জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায়ের দিন শিমুল বিশ্বাস গ্রেপ্তার হন। গত বৃহস্পতিবার হাইকোর্ট থেকে সব মামলায় জামিন পান তিনি।

গতকাল বিকেলে শিমুল বিশ্বাস দেশ রূপান্তরকে জানান, জামিনে মুক্ত হয়ে নরসিংদী থেকে ঢাকায় পৌঁছেছেন। বর্তমানে অসুস্থ; কয়েক দিন বিশ্রাম শেষে সবার সঙ্গে সাক্ষাৎ করবেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শিমুল বিশ্বাসের কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়া তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে।

গত বছর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন আদালতে উপস্থিত ছিলেন শিমুল বিশ্বাস। রায়ের পর খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়। ওই সময় গোয়েন্দা পুলিশ শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করে। এরপর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সব মিলিয়ে তার বিরুদ্ধে ১১৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রথমে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হলেও পরে একাধিক কারাগারে স্থানান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত