সেল্তার মাঠে ‘দুর্বল’ বার্সার হার

আপডেট : ০৫ মে ২০১৯, ১০:৫০ এএম

লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও জেরার্দ পিকেসহ দলে ছিলেন না নিয়মিত একাদশের আটজন খেলোয়াড়। গুরুত্বপূর্ণ খেলোয়াড়রদের ছাড়া সেল্তা ভিগোর মাঠে খেলতে গিয়ে হার নিয়ে ফিরেছে বার্সেলোনা।

লা লিগায় শনিবার রাতে প্রতিপক্ষের ম্যাচটিতে ২-০ গোলে হারে এরনেস্তো ভালভেরদের দল। সব ধরনের প্রতিযোগিতায় টানা তেরো ম্যাচ হারের স্বাদ পেল কাতালান ক্লাবটি। আর লিগে টানা ২৩ ম্যাচে অপরাজিত থাকার পর হারল দলটি। অবশ্য এই পরাজয়ে কিছু আসে যায়নি তাদের। কেননা তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করে ফেলেছে দলটি।

প্রতিপক্ষের মাঠে বরাবরের মতো ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। তবে আক্রমণে কোনো ঝাঁজ দেখা যায়নি তাদের। গোলশূন্যতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে গোল খেয়ে বসে বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে কাছ থেকে বার্সেলোনার জালে বল পাঠিয়েছিলেন মেক্সিকোর ডিফেন্ডার নেস্তোর। ভিএআরে তার অবস্থান অফসাইডে ধরা পড়ায় গোলটি দেননি রেফারি। তবে গোলের দেখা পেতে খুব বেশি সময় লাগেনি সেল্তার। ৬৭তম মিনিটে গোল আদায় করে নেয় সেল্তা। সতীর্থের বাড়ানো ক্রসে দারুণ ভলিতে বল জালে  স্বাগতিক স্ট্রাইকার মাক্সি গোমেস।

৮৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সেল্তা। স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ স্ট্রাইকার ইয়াগো আসপাস। ডি-বক্সে ডিফেন্ডার সামুয়েল উমতিতির হাতে বল লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

চলতি লিগে বার্সেলোনার এটি তৃতীয় হার। ৩৬ ম্যাচে ২৫ জয় ও আট ড্রয়ে চ্যাম্পিয়নদের পয়েন্ট ৮৩।

লা লিগায় দিনের অন্য ম্যাচে এস্পানিওলের মাঠে খেলতে গিয়ে ৩-০ গোলের হার নিয়ে ফিরেছে আতলেতিকো মাদ্রিদ। প্রথমার্ধের শেষ মুহূর্তে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে এস্পানিওল।

৩৬ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে আতলেতিকো। ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত