বাংলাদেশে স্বপ্নের গণতন্ত্র প্রতিষ্ঠার দৃঢ় আশা ব্যক্ত করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
তিনি বলেছেন, সংবিধানে লেখা আছে এ দেশের মালিক এই দেশের নাগরিক। আজকে যেভাবে সেই মালিকানা হরণ করা হয়েছে, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করা হয়নি, তাই জাতিকে এগিয়ে আসতে হচ্ছে তার অধিকার ফিরিয়ে আনার জন্য।
‘দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নেই। এ দেশের জনগণ এটা কোনো দিন মেনে নেয়নি। তারা গণতন্ত্রের জন্য আপসহীন আন্দোলন করেছে। মূলত জনগণকে ঐক্যবদ্ধ করে দেশের যে আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ, আমরা তা গড়ে তুলব। এ ব্যাপারে গণমাধ্যমের মুখ্য ভূমিকা আছে এবং তারা সেই ভূমিকা পালন করবে’।
রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, ‘জনগণকে নিষ্ক্রিয়ভাবে বসে থাকলে চলবে না। তাদের সক্রিয়ভাবে গণতন্ত্র ফেরানোর আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। জেলায় জেলায় থানায় থানায় সংগঠিত হয়ে নিজের অধিকারকে ফিরিয়ে আনার জন্য সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে সোচ্চার হয়ে আমরা আন্দোলন সংগ্রাম করে যাব’।
তিনি বলেন, ‘জনগণকে আমরা এই প্রতিশ্রুতি দিতে চাই যে, আমরা এ ব্যাপারে সক্রিয়ভাবে অবশ্যই ঝুঁকি নেব। অতীতে আমরা সফল হয়েছি। এই আন্দোলনেও আমরা সফল হব, এটা আমরা বিশ্বাস রাখি। এই প্রতিশ্রুতি আপনাদের দিয়ে বলতে চাই, আসুন আপনারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হন, যে লক্ষ্যগুলো আমরা তুলে ধরেছি, সেগুলো সামনে রেখে জনগণকে আরো সুসংহত করে ইনশা আল্লাহ জনগণই ক্ষমতার মালিক হবে। আমাদের স্বপ্নের গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পারব’।
