প্রকল্প বাস্তবায়ন বিলম্বে অর্থ অপচয় হচ্ছে

আপডেট : ০৬ মে ২০১৯, ১২:১০ এএম

উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে গড়িমসি না করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাবধান করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, মান ঠিক রেখে সময়মতো নির্দিষ্ট বরাদ্দে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। সরকারি টাকা অতিরিক্ত খরচ করা যাবে না। এটা জনগণের টাকা। সময়মতো প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় অর্থ অপচয় হচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (পিএমআইস) দিনব্যাপী এক কর্মশালায় গতকাল রবিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নিজেদের কার্যক্রম নিয়ে আরও দায়িত্বশীল হতে হবে। এখানে সিস্টেমে সমস্যা আছে। কিন্তু সবচেয়ে বেশি সমস্যা সরকারি কর্মকর্তাদের দায়ত্বশীলতার মধ্যে। দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে কোনো সমস্যা হবে না। কর্মশালায় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ভারপ্রাপ্ত সচিব আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ বলেন, চলতি বছরের এপ্রিল পর্যন্ত সময়ে ১ হাজার ৯১৬ প্রকল্পের মধ্যে ৫৬২টির তথ্য সফটওয়্যারে আছে। এর কাজ সম্পন্ন হলে আইএমইডি সহজেই সব প্রকল্পের তথ্য জানতে পারবে। বাস্তবায়নে সমস্যা হলে পরামর্শ দিতে পারবে। রংপুরে সঠিক সময়ে জমির অধিগ্রহণ না করায় ৪০০ কোটি টাকা অতিরিক্ত লেগেছে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের ভূমিকা জরুরি, যোগ করেন তিনি। অনুষ্ঠানে জানানো হয়, পিএমআইএসের স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর মাসিক অগ্রগতি, বার্ষিক কর্মপরিকল্পনা, বছরভিত্তিক অগ্রগতি, ডিপিপির চাহিদার বিপরীতে প্রাপ্ত বরাদ্দ, অর্থায়নের ভিত্তিতে প্রকল্পের বিন্যাসের তথ্য থাকবে। এছাড়া সব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, মন্ত্রণালয় বা বিভাগভিত্তিক চিত্র, উচ্চ ও নিম্নক্রম বিন্যাস, ব্যয় ও সময় বাড়ার কারণ ও বাস্তবায়নের চিত্র জানা যাবে। পরিকল্পনা মন্ত্রণালয় থেকে জানা গেছে, এই সফটওয়্যারের জন্য এ পর্যন্ত ৭৬০ প্রকল্প পরিচালকসহ মোট ১ হাজার ৯৭৬ কর্মকর্তাকে প্রশিক্ষণদেওয়া হয়েছে। ডিজিটাল মনিটরিংয়ের সুবিধার্থে আওতাধীন প্রকল্পগুলো যাতে এ সিস্টেমে তথ্য ইনপুট দেয়  সে জন্য মন্ত্রণালয় বা বিভাগের ফোকাল পার্সন মনোনয়ন করে তাদের নিয়ে এ কর্মশালা আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত