শক্তিশালী ঘূর্ণিঝড় ফণির রেশ কেটে গেছে গতকালই। শঙ্কার চেয়ে ক্ষয়ক্ষতি কমই। তবে দেশের ফুটবলে ভালোই প্রভাব ফেলে গেছে এই ঝড়। এর প্রভাবে বাতিল করে দেওয়া হয়েছিল বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা ইন্টারন্যাশনাল গোল্ডকাপের ফাইনাল। আর গতকাল ঝড়ের দোহাই দিয়ে আজ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব তিন দিন পিছিয়ে দিয়েছে বাফুফে।
আজ চারটি ম্যাচ হওয়ার কথা ছিল ঢাকার বাইরের চারটি ভেন্যুতে। কিন্তু ঝড়ের কারণে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় পর্ব ৯ মে থেকে শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা আসলে ৩ তারিখেই লিগের ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। সেটি ক্লাবগুলোকে জানিয়েও দেওয়া হয়েছে।’
নতুন সূচি অনুযায়ী, নীলফামারীতে স্বাগতিক বসুন্ধরা কিংস খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। নোয়াখালীতে স্বাগতিক নোফেল স্পোর্টিং ক্লাবের মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। গোপালগঞ্জে স্বাগতিক মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী এবং সিলেটে স্বাগতিক শেখ রাসেল খেলবে আরামবাগের বিপক্ষে। এ নিয়ে তৃতীয়বারের মতো পেছাল লিগ।
