ইস্টার সানডের সিরিজ আত্মঘাতী বোমা হামলার পর শ্রীলঙ্কা সরকার ২০০ মুসলিম আলেমসহ ৬০০ বিদেশি নাগরিককে বহিষ্কার করেছে। গতকাল রবিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভাজিরা আবেওয়ার্ধানের বরাত দিয়ে এমন সংবাদ জানায় বার্তা সংস্থা এএফপি।
ভাজিরা জানান, মুসলিম ওই আলেমরা বৈধভাবেই শ্রীলঙ্কায় প্রবেশ করেছিল। কিন্তু বোমা হামলার পর নিরাপত্তার কারণে অনেক আলেমকেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থাকতে দেখা যায়। ফলে তাদের ওপর জরিমানা আরোপ এবং বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, বোমা হামলার পরিপ্রেক্ষিতে এখন থেকে শ্রীলঙ্কা সরকার কোনো বিদেশি ধর্মীয় শিক্ষককে ভিসা দেওয়ার ক্ষেত্রে অধিকতর যাচাই-বাছাই করবে। পাশাপাশি দেশটিতে খুব জলদিই নতুন ভিসা ব্যবস্থা চূড়ান্ত করা হবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
তবে বহিষ্কৃত নাগরিকরা কোনো কোনো দেশের সে বিষয়ে তথ্য দেননি মন্ত্রী। তবে পুলিশ বলছে, হামলার মধ্যে ভিসা শেষ হয়ে যাওয়ার পরও যেই বিদেশিরা অবস্থান করছিলেন, তাদের মধ্যে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ ও পাকিস্তানের নাগরিকই বেশি।
শ্রীলঙ্কায় বহু দিন ধরেই বাইরের দেশ থেকে বিভিন্ন ধর্মের শিক্ষকরা আসেন সভা-সেমিনার কিংবা কর্মশালায় অংশ নিতে। দেশটির সরকার এখন থেকে এ বিষয়ে কঠোর অবস্থান নেবে বলেও জানা যায়।
