গণমাধ্যমকর্মীদের হঠাৎ ছাঁটাই কোনোভাবেই সমীচীন নয় : তথ্যমন্ত্রী

আপডেট : ০৬ মে ২০১৯, ০২:৪১ এএম

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, প্রিন্ট বা ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীদের হঠাৎ ছাঁটাই কোনোভাবেই সমীচীন নয়। তাদের সংসার ও জীবনের কথা ভাবতে হবে। গতকাল রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বরেণ্য সাংবাদিক ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সাবেক মহাপরিচালক শাহ আলমগীর স্মরণে নাগরিক শোকসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘একান্ত প্রয়োজন হলে আগে থেকে নোটিস এবং কয়েক মাসের বেতন দেওয়ার বিষয়টি অবশ্যই বিবেচনা করা উচিত।’ ওই সময় শাহ আলমগীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তার কাছ থেকে আমাদের বহু কিছু শেখার আছে। তিনি এমন মানুষ, যার কোনো শত্রু ছিল না। থাকলেও তারা তাকে ভালোবাসত।’

সাংবাদিক আবেদ খানের সভাপতিত্বে শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয়

 সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাংসদ শফিকুর রহমান, প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম, সাংবাদিক মোজাম্মেল হক বাবু, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী ও শাহ আলমগীরের স্ত্রী ফওজিয়া বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক রহমান মুস্তাফিজ। গত ২৮ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহ আলমগীর। তিনি ক্যানসারে ভুগছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত