নিজ দলের কর্মীর হাতেই চড় খেলেন কেজরিওয়ালv

আপডেট : ০৬ মে ২০১৯, ০২:৫৯ এএম

দিল্লিতে নির্বাচনী প্রচার চালানোর সময় গত শনিবার নিজ দল আম আদমি পার্টির এক সমর্থকের হাতেই চড় খেলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই হামলার পেছনে ভারতীয় জনতা পার্টির ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করছে আম আদমি পার্টি। দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর এ নিয়ে নয়বার কেজরিওয়ালের ওপর হামলা হলো।

গতকাল রবিবার সাংবাদিকদের কেজরিওয়াল বলেন, ‘নিরাপত্তার দায়িত্বশীলতার ঘাটতি বিজেপির সৃষ্ট। অন্য কোনো রাজ্যে এমনটা হয় না। এটা কি কোনো কৌশল নাকি ভুল? নিরাপত্তার ত্রুটি একবার, দুবার, তিনবার হতে পারে। কিন্তু এ ঘটনার পেছনে যা আছে তাকে ষড়যন্ত্র বলা যেতে পারে।’

ভারতীয় মিডিয়া ফাইনপোস্টের প্রতিবেদনে

বলা হয়, জিপ গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় লাল শার্ট পরিহিত এক ব্যক্তি হঠাৎ করেই কেজরিওয়ালকে চড় দেন। সুরেশ নামে ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি আম আদমি সমর্থক। তিনি পার্টির হয়ে র‌্যালি এবং সভা আয়োজনের কাজ করতেন।

গত বছর দিল্লির সবচেয়ে সুরক্ষিত এলাকা সচিবালয়ের ভবনের বাইরে কেজরিওয়ালের ওপর হামলা হয়েছিল। হামলাকারী জোরপূর্বক তার মুখে মরিচের গুঁড়ো লাগিয়ে দেয়। এর আগে তাকে উদ্দেশ্য করে ডিম, জুতা এবং কালিও নিক্ষেপ করা হয়েছিল।

দিল্লির দখল নিতে বিজেপি শুরু থেকেই ষড়যন্ত্র করে যাচ্ছে বলে দাবি কেজরিওয়ালের। তিনি আরও বলেন, ‘আমার বাড়িতে, অফিসে পুলিশ হানা দিয়েছে। মনীশ সিসোদিয়া, সত্যেন্দর জৈনের বাড়িও হানা দিয়েছে তারা। ২০ জন এমপিকে গ্রেপ্তার করা হয়েছে। আমার আত্মীয়স্বজনদের হয়রানি করা হচ্ছে। অসাংবিধানিক পন্থায় বিজেপি আমাদের সরকারকে উৎখাত করতে চাইছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত