ইরানকে কঠোর জবাব দিতে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার দেশটির নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এ খবর নিশ্চিত করেছেন।
এনডিটিভি জানায়, বোল্টন এক বিবৃতিতে বলেন, “বেশ কিছু ইঙ্গিত ও হুমকি মোকাবেলার প্রস্তুতি হিসেবে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং একটি বোম্বার টাস্কফোর্স পাঠানো হয়েছে মধ্যপ্রাচ্যে।”
মার্কিন স্বার্থে আঘাত হানতে পারে বা মিত্রশক্তির ওপর হামলার আশঙ্কায় ইরানকে শায়েস্তা করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
জন বোল্টন বলেন, “ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধ চায় না। কিন্তু কোনো হামলার পাল্টা জবাব দিতে এবং ইরানি শক্তির ছায়াযুদ্ধ মোকাবেলায় আমরা সম্পূর্ণ প্রস্তুতি রয়েছি।”
নির্দিষ্ট কোন হুমকি মোকাবেলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান পাঠানো হয়েছে তা বিবৃতিতে স্পষ্ট নয় বলে বিশ্লেষকরা জানিয়েছেন। তবে গাজায় ইসরায়েলি হামলা এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা কর্তৃক ইসরায়েলে ব্যাপক রকেট হামলা শুরু হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
মুসলিমদের পবিত্র সিয়াম সাধনার মাস রমজানের আগ মুহূর্তে ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার থেকে নিহত হয়েছেন ২৭ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে রয়েছেন গর্ভবতী মা, চারমাস বয়সী শিশুও।
এদিকে গাজার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধাদের পাল্টা রকেট হামলায় নিহত হয়েছে চার ইসরায়েলি।
