চাঁদপুরের হাজীগঞ্জে স্ত্রী আকলিমা আক্তারকে হত্যার দায়ে স্বামী ফারুক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে আসামি ফারুক হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এই মামলার অপর আসামি শাশুড়ি মনি বেগমকে বেকসুর খালাস দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফারুক হোসেন হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর মুন্সিবাড়ির মৃত আনোয়ার হোসেনের ছেলে। ফারুক হোসেন পেশায় কসাই ছিলেন। মৃত আকলিমা একই উপজেলার পালিশারা গ্রামের দুবাই প্রবাসী হাসান আলীর মেয়ে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে ফারুক হোসেনের সঙ্গে আকলিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে ফারুক যৌতুকের জন্য আকলিমাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে। টাকা না পেয়ে প্রায় সময়ই আকলিমাকে মারধর করা হতো, যা আকলিমা আক্তার তার মামা আবুল কালামকে মোবাইল ফোনে জানাতেন। ২০১৫ সালের ২৯ জুন দুপুরে আকলিমা আক্তারকে শ্বাসরোধে হত্যা করা হলে মামা আবুল কালাম বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় হাজীগঞ্জ থানায় স্বামী ফারুক হোসেন ও শাশুড়ি মনি বেগমকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
