বিগত কয়েক বছর ঢালিউডের ইতিহাস দেখলে সহজেই বোঝা যাবে একমাত্র শাকিব খানই সিনেমার বাজার খানকিটা রমরমা করে রেখেছেন। প্রতি বছরে ‘আয়নাবাজি’, ‘ঢাকা অ্যাটাক’, ‘দেবী’, ‘পোড়ামন ২’ বা ‘ছুঁয়ে দিলে মন’-এর মতো দু-একটি সিনেমা এলেও শাকিব খানের বেশ কিছু সিনেমা ভালো ব্যবসা করেছে। এক কথায় বলতে গেলে শাকিব খান অভিনীত সিনেমা মানেই সিনেমা হলে দর্শকদের ভিড়, ঈদের বাইরে ভক্তদের আরেক ঈদ। আর ঈদ এলে তো সেই উচ্ছ্বাস কয়েকগুণে বেড়ে যায়।
কেননা, ঈদ মানেই শাকিব খানের একাধিপত্য। বরাবরই ঈদে এ নায়কের সিনেমার আধিক্য লক্ষ করা যায়। এবারও তার ব্যতিক্রম নয়। এবারের ঈদে তার অভিনীত তিনটি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। ছবিগুলো হচ্ছে শামিম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’, মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ও সাকিব সনেট অ্যান্ড টিম পরিচালিত ‘নোলক’। এর মধ্যে ‘নোলক’ সম্প্রতি সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি। আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, তারিক আনাম খান, নিমা রহমান প্রমুখ। অন্যদিকে ‘পাসওয়ার্ড’ ছবির শুটিং-ডাবিং শেষ হয়েছে। জানা গেছে, এরই মধ্যে ঈদে মুক্তির জন্য কয়েকটি প্রেক্ষাগৃৃহে অগ্রিম বুকিং দেওয়া হয়েছে শাকিবের এই সিনেমাটি। এ ছবিতে শাকিবের বিপরীতে রয়েছেন শবনম বুবলী। থাকছেন নায়ক ইমনও।
আর ‘শাহেনশাহ’ সিনেমাটি বাংলা নববর্ষেই মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ঈদের বাজার ধরার জন্য সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দেয় সিনেমা সংশ্লিষ্টরা। শোনা যাচ্ছে এ ছবিটি ঈদুল ফিতরেই মুক্তি দেওয়া হবে। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন গ্ল্যামার গার্ল নুসরাত ফারিয়া।
ঈদে তিন ছবি মুক্তির বিষয়ে শাকিব খান বলেন, ‘একটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর সেই চরিত্রটি ফুটিয়ে তোলাটাই আমার প্রধান কাজ। সেটা আমি যতেœর সঙ্গেই করে দিয়েছি। এখন কে কখন মুক্তি দেবে সেটা প্রযোজক-পরিচালকের ব্যাপার। তবে ঈদে যারাই আসুক, একটু ভেবেচিন্তে আসাই ভালো। কারণ, ইন্ডাস্ট্রির অবস্থা এখন একেবারেই নাজুক। যারা ছবি বানাচ্ছেন তারা অনেক রিস্ক নিয়ে বানাচ্ছেন। তাই সবাইকেই ছাড় দেওয়ার মনমানসিকতা নিয়ে কাজ করতে হবে।’
‘শাহেনশাহ’ সিনেমাটিতে শাকিব খানকে চতুর প্রকৃতির একটি চরিত্রে দেখা যাবে। এরই মধ্যে এর গান ও টিজার দর্শকের মন ছুঁয়েছে। শাকিব আর নুসরাত ফারিয়ার প্রথম রসায়নও বেশ প্রশংসিত হয়েছে। আর ‘পাসওয়ার্ড’ সিনেমাটি একটি সাইবার ক্রাইম নিয়ে তৈরি হয়েছে।
এই সিনেমায় শাকিবের চরিত্রে যথেষ্ট টুইস্ট রয়েছে বলে জানিয়েছেন পরিচালক। বাকি সিনেমা দুটি থেকে ‘নোলক’ কিছুটা আলাদা। এখানে পারিবারিক ও প্রেমের গল্পের পাশাপাশি প্রতিশোধ নিতে দেখা যাবে শাকিবকে। এর শ্যুটিং হয়েছে ভারতের রামুজি ফিল্ম সিটিতে।
