তিনদিন সূচক বাড়ার পর সংশোধন

আপডেট : ০৭ মে ২০১৯, ১২:৪৯ এএম

টানা তিন কার্যদিবস সূচকের বড় উত্থানের পর গতকাল সোমবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৭৫ শতাংশ ও অপর শেয়ারবাজার সিএসইতে ৭১ শতাংশ শেয়ারের দর কমেছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে প্রায় ৫৩ পয়েন্ট। আর সিএসইর নির্বাচিত খাতসমূহের সূচক কমেছে ৬৩ পয়েন্ট। বিপরীতে দুই বাজারে বেড়েছে যথাক্রমে ১৭ ও ২৩ শতাংশ শেয়ারের দর। সরকারের উদ্যোগে হঠাৎ উত্থানের পর গতকাল বেশিরভাগ শেয়ারের এমন দরহ্রাসকে ‘মূল্য সংশোধন’ বলে মন্তব্য করেছেন বাজার সংশ্লিষ্টরা। তারা জানান, মূল্য সংশোধন স্বাভাবিক। চলতি দরবৃদ্ধির আগে যারা শেয়ার কিনেছিলেন তারা ওই বিনিয়োগে মুনাফায় আছেন। তাদের মধ্যে যারা একটু বেশি সতর্ক, তারা মুনাফা কিছুটা তুলে নিতে শেয়ার বিক্রি করেছেন। এ নিয়ে ভয়ের কিছু নেই। অধিকাংশ শেয়ারের দর কমায় গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫৩ পয়েন্ট হারিয়ে ৫৩৪২ পয়েন্টে নেমেছে। গতকালের দরপতনের আগের টানা তিনদিনে শেয়ারদর বৃদ্ধির কারণে ডিএসইএক্স প্রায় ২১৯ পয়েন্ট বেড়েছিল। অবশ্য এরও আগে টানা তিন মাসেরও বেশি সময়ে (গত ২৭ জানুয়ারি থেকে ২৯ এপ্রিল) টানা দরপতনে সূচকটি ৭৭৪ পয়েন্ট হারিয়েছিল।

পর্যালোচনায় দেখা গেছে, রবিবারের তুলনায় গতকালের লেনদেন চিত্র ছিল পুরো বিপরীত। এদিন ছোট-বড় সব খাতের অধিকাংশ শেয়ারই দর হারায়। তুলনামূলক বেশি দর হারিয়েছে আর্থিক প্রতিষ্ঠান, জ্বালানি ও বিদ্যুৎ, বস্ত্র, খাদ্য ও আনুষঙ্গিক, সিমেন্ট, পাট, কাগজ ও টেলিযোগাযোগ খাতের শেয়ার। এসব খাতের শেয়ারদর গড়ে ১ থেকে ২ শতাংশ পর্যন্ত কমেছে। তবে সূচক হ্রাসে বড় কারণ ছিল ব্যাংক। গতকাল ব্যাংক খাতের শেয়ারদর গড়ে শূন্য দশমিক ৯ শতাংশ হারিয়েছে।

পর্যালোচনায় দেখা গেছে, লেনদেন হওয়া ২৯ ব্যাংকের মধ্যে গতকাল ডিএসইতে ২১টির দর কমেছে, বেড়েছে ৮টির। এ কারণে ডিএসইএক্স হারিয়েছে প্রায় ১১ পয়েন্ট। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের লেনদেন হওয়া ২২ কোম্পানির মধ্যে ১৯টিরই দর কমেছে। এতে সার্বিকভাবে খাতটির দর কমেছে ১ দশমিক ৯ শতাংশ। এ খাতের কারণে সূচক কমেছে সাড়ে ৪ পয়েন্ট। বীমা খাতের ৪৭ কোম্পানির মধ্যে ৩৩টির দর কমেছে, বেড়েছে ১২টির এবং বাকি দুইটির দর অপরিবর্তিত। সার্বিকভাবে এ খাতের শেয়ারদর কমেছে শূন্য দশমিক ৮০ শতাংশ।

আর্থিক খাতের মতো গতকাল উৎপাদন ও সেবামুখী সব খাতের শেয়ারদর কমেছে। বড় খাতগুলোর মধ্যে বস্ত্র খাতের শেয়ারগুলো দর হারিয়েছে সর্বাধিক দেড় শতাংশ হারে। গতকাল এ খাতের ৫৪ শেয়ারের মধ্যে ৪৪টির দর কমেছে। এ কারণে ডিএসইএক্স সূচক হারিয়েছে প্রায় ৬ পয়েন্ট। অন্য খাতগুলোর মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ, প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক, সিমেন্ট, সিরামিক, তথ্য ও প্রযুক্তি খাতের বেশিরভাগ শেয়ারের দর কমেছে। দরপতনের মধ্যেও গতকাল লেনদেনের শেষ পর্যন্ত সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে এসএস স্টিল এবং ন্যাশনাল ফিড মিলের। গতকাল ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মোট ৪৮৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা রবিবারের তুলনায় ৬৮ কোটি ৬৩ লাখ টাকা কম। এর মধ্যে ডিএসইতে ৪৬৭ কোটি ৩৫ লাখ টাকার এবং সিএসইতে ২০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত