বাড়িতে লুটপাট চালিয়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাতের গুলিতে মো. আমিন (৫৫) নামে গৃহকর্তা নিহত হয়েছেন।
রোববার রাত তিনটার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের পূর্ব সেন্টার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আমিন একই এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, গভীর রাতে ডাকাত দল যখন ওই বাড়িতে ডাকাতি করতে ঢুকে, তখন গৃহকর্তা আমিন বাড়ির পাশেই লিচুবাগানে পাহারা দিচ্ছিলেন। বাড়িতে ডাকাতের উপস্থিতি টের পেয়ে আমিনের স্ত্রী মোবাইল ফোনে স্বামীকে জানিয়ে দেন। খবর পেয়ে লিচু বাগানে পাহারায় থাকা আমিন মশাল নিয়ে ঘরের দিকে দ্রুত এগিয়ে আসেন। বাড়িতে লুটপাট ও ডাকাতি করা শেষে একটি মোবাইল ফোন ও একজোড়া কানের দুল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমিনের সামনে পড়ে। তখন ডাকাতদল আমিনকে গুলি করেই পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।
