কাশ্মীরে ভোটকেন্দ্রে গ্রেনেড হামলা

আপডেট : ০৭ মে ২০১৯, ০২:৫৫ এএম

ভারতে ১৭তম লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণ হয় গতকাল সোমবার। ভোটের দিন কাশ্মীরের একটি কেন্দ্রে গ্রেনেড হামলা, পশ্চিমবঙ্গে সহিংসতার খবর জানিয়েছে আনন্দবাজার। পঞ্চম ধাপে ৭টি রাজ্যের ৫১টি সংসদীয় আসনের ভোটগ্রহণ হয়।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার রোহমু ভোটকেন্দ্রে গ্রেনেড হামলা হয়। পুলিশ জানিয়েছে, এখানে অনন্তনাগ লোকসভা আসনের ভোটগ্রহণ চলছিল। এবারের লোকসভা নির্বাচনে কোনো ভোটকেন্দ্রে এটাই প্রথম গ্রেনেড হামলা।

এদিকে পশ্চিমবঙ্গে ব্যারাকপুর আসনে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে হামলার অভিযোগ পাওয়া গেছে। দলটির দাবি, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের গুণ্ডারা এই হামলা চালিয়েছে। টেলিভিশনের খবরে দেখা গেছে, ব্যক্তিগত দেহরক্ষীর উপস্থিতির পরও অর্জুন সিং

ধস্তাধস্তি করছেন। এক পুলিশের সঙ্গে তর্কাতর্কি করতেও দেখা গেছে তাকে। রাজ্যের রাজধানী কলকাতা থেকে ২৯ কিলোমিটার দূরে মোহনপুরে এই ঘটনা ঘটে।

উত্তর প্রদেশ, রাজস্থান ও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বিলম্বিত হয়েছে ইভিএম মেশিনের কারিগরি জটিলতার কারণে। পূর্বের চার ধাপের মতো সোমবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

পশ্চিমবঙ্গের সাতটি আসন এবং জম্মু-কাশ্মীরের অনন্তনাগ ও লাদাখ বাদ দিলে ৫ম পর্বে ভোট হচ্ছে মূলত হিন্দি ভাষাভাষী মানুষের মধ্যে। এই ধাপের ভোটে ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন পার্লামেন্টের সদস্য হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। এদের মধ্যে রয়েছেনÑ রাজনাথ সিং, রাহুল গান্ধী, রাজবর্ধন রাটোর, রাজীব প্রতাপ রুডি ও দিনেশ ত্রিবেদী।

১৩ কোটি নতুন ভোটার এবার নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়েছেন। ১১ এপ্রিল ভোটগ্রহণের প্রথম দিনেই সহিংসতায় একজন নিহত হয়েছেন। এবার ১৯ মে পর্যন্ত মোট সাত দফায় ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ শেষে ২৩ মে ফল ঘোষণা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত