গৃহবধূ শিশুসহ ধর্ষণের শিকার ৭

আপডেট : ০৭ মে ২০১৯, ০৩:১৭ এএম

বাগেরহাটে লামিয়া আক্তার ফারিয়া নামে ছয় বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর শ^াসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার সন্ধ্যায় উপজেলার পাতিলাখালী গ্রামের একটি খালে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। আশুলিয়ায় একই পরিবারের তিন নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে এক ‘ভ- পীরকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ছয় বছরের এক শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোয়াখালী কোম্পানীগঞ্জে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাটোর বড়াইগ্রামে এক নারী (৩২) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার আকুল নামে একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :

শিশুকে ধর্ষণের পর হত্যা : বাগেরহাটে লামিয়া আক্তার ফারিয়া নামে ছয় বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার সন্ধ্যায় উপজেলার পাতিলাখালী গ্রামের একটি খালে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুর চাচাতো বোনের ছেলে মিনহাজুল ইসলাম শোয়েব (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিশু ফারিয়া আক্তার বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পাতিলাখালী গ্রামের ওমর আলী শেখের মেয়ে ও স্থানীয় কো-লা বড়ু বিবি দাখিল মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী। গ্রেপ্তার শোয়েবের বাড়ি পিরোজপুর নামাজপুর গ্রামে। নানা বাড়ি পাতিলাখালী গ্রামে থেকে সে পড়ালেখা করছিল।

পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, শোয়েব এলাকার কিছু নেশাগ্রস্ত ছেলেদের সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়ে। শিশুর বাবা নেশায় বাধা দিলে ক্ষুব্ধ হয় সে। পরে প্রতিশোধ নিতে শিশুকে ধর্ষণের পর হত্যা করে।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বলেন, শিশুর ময়নাতদন্ত সম্পন্ন করেছি। সে সঙ্গে আমরা তার দেহ থেকে রক্তের নমুনাও সংগ্রহ করেছি। গঠিত মেডিকেল টিমের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হতে পারব শিশুটি হত্যার আগে ধর্ষণের শিকার হয়েছে কি না।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শোয়েব ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না তা ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

তিন নারী ভক্তকে ধর্ষণ ‘পীরের’ : আশুলিয়ায় একই পরিবারের তিন নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে ভ- পীর মনির হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত সাড়ে ১২টায় আশুলিয়ার কুরগাঁও আমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী তিন নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মনির হোসেনের বাড়ি আশুলিয়ার কুড়গাঁও আমতলা এলাকায়। সে নিজেকে পীর পরিচয় দিয়ে কতিপয় দালালের মাধ্যমে বিভিন্ন বয়সের নারী ও পুরুষকে মুরিদ বানিয়ে প্রতারণা করে আসছিল। একই এলাকার এক প্রবাসীর স্ত্রী মনির হোসেনের আস্তানায় মুরিদ হন। সেই সুবাদে দরবারে নিয়মিত যাতায়াত ছিল তার। একপর্যায়ে ওই নারীকে নানা অপব্যাখ্যা দিয়ে দিনের পর দিন ধর্ষণ করতে থাকে। এরপর ওই নারীর মেয়ে ও ছোট বোনকে মুরিদ বানিয়ে নিয়মিত ধর্ষণ করে আসছিল। এ ঘটনায় গত রবিবার সকালে মনিরকে প্রধান আসামি করে দুজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ওই নারী।

আশুলিয়া থানার ওসি মোহাম্মাদ রিজাউল হক দিপু জানান, এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগ : পটুয়াখালীর রাঙ্গাবালীতে ছয় বছরের এক শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গত রবিবার রাতে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত হাসান ফকির (৩২) পলাতক।

শিশুর বাবা বলেন, ‘ঘূর্ণিঝড় ফণির কারণে শুক্রবার রাতে পরিবারের সবাইকে নিয়ে আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নেই। ঘূর্ণিঝড় শেষে সকাল ৮টায় বাড়ি ফেরার পথে বৃষ্টিতে ভিজে যাই। বাড়িতে গিয়ে মেয়েটিকে তার চাচাতো ভগ্নিপতি হাসান ফকিরের কাছে রেখে আমরা গোসল করতে যাই। কিছুক্ষণ পরেই মেয়ে রক্তাক্ত অবস্থায় এসে চিৎকার করতে থাকে। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ জানান, আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কোম্পানীগঞ্জে গৃহবধূকে ধর্ষণ : নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিপন (২৫) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

পরিবারের সদস্যরা জানান, গত শনিবার সকালে সিএনজি ট্যাক্সিচালক শিপন পার্শ্ববর্তী বাসায় একা পেয়ে অন্তঃসত্ত্বা ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় লোকজন তাকে আটক করে।

নাটোরে তরুণী ধর্ষণের শিকার : নাটোর বড়াইগ্রামে এক নারী (৩২) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় গতকাল সোমবার আকুল নামে একজনকে আটক করা হয়েছে। জানা যায়, আকুল হোসেনের বাড়িতে ওই নারীর মা গৃহকর্মী হিসেবে কাজ করেন। গত রবিবার তিনি তার মায়ের কাছে বেড়াতে আসেন। রাত ৮টার দিকে তাকে পাশের কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে আকুল। এ ঘটনায় গতকাল সকালে ওই নারী বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত আকুলকে আটক করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত