মাশরাফীর বোলিংয়ে ২৬১ রানে থামল উইন্ডিজ

আপডেট : ০৭ মে ২০১৯, ০৭:২৮ পিএম

শাই হোপ টানা দ্বিতীয় ম্যাচে তুলে নিলেন সেঞ্চুরি। ফিফটি পেলেন রোস্টেন চেজ। তৃতীয় উইকেট জুটিতে দুজন ভয় ধরালেন টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে যাচ্ছিলেন পাহাড় রানের দিকে। কিন্তু বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরান দলকে।

মাশরাফীর দারুণ বোলিংয়ে ক্যারিবীয়দের ইনিংস থেমেছে ৯ উইকেটে ২৬১ রানেই।

মঙ্গলবার ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছিল ক্যারিবীয়রা। ২ উইকেটে ২০৫ রান করে ফেলার পরও দলটিকে বড় পুঁজি গড়তে দেয়নি টাইগার বোলাররা।

সিরিজের উইন্ডিজের এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে তারা হারিয়েছিল ১৯৬ রান।

এদিন উইন্ডিজের শুরুটাই ছিল দারুণ। আগের ম্যাচে শাই হোপের সঙ্গে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন জন ক্যাম্পবেল। তবে চোটের কারণে তিনি এ ম্যাচে খেলতে পারছেন না। সুনিল আমব্রিসকে নিয়ে ওপেনিং জুটিতে হোপ যোগ করেন ৮৯ রান।

তৃতীয় উইকেটে রোস্টন চেজকে নিয়ে যোগ করেন ১১৫ রান। ৪১তম ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে দলটি দুই শর কোটা পূরণ করে।

তবে সেই ওভারেই ফিফটি তুলে নেওয়া চেজকে ফিরিয়ে দেন মাশরাফী। ৬২ বলে ২ চার ও ১ ছক্কায় ৫১ রান করেন চেজ। এক ওভার পর ফিরেই সেঞ্চুরিয়ান হোপ ও জেসন হোল্ডারকে তুলে নেন মাশরাফী।

হোপকে মিঠুনের হাতে ক্যাচ বানান টাইগার দলপতি। ১৩২ বলে ১১ চার ও ১ ছক্কায় ১০৯ রান করেন হোপ। আর ৪ রান করা হোল্ডারকে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ বানিয়েছেন।

এরপর মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট তুলে নেন। তাতে উইন্ডিজ আর পারেনি শুরুর প্রত্যাশা অনুযায়ী স্কোরটা নিয়ে যেতে।

বাংলাদেশের পাঁচ বোলারই পেয়েছেন উইকেটের দেখা। মাশরাফী ১০ ওভার বল করে ৪৯ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান। ১টি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত