ভেজালমুক্ত পণ্য বিক্রি করতে মেয়রের আহ্বান

আপডেট : ০৭ মে ২০১৯, ১০:৫৭ পিএম

ভেজালমুক্ত, সঠিক ওজন ও কম দামে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতি আয়োজিত পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রাম উদ্বোধনকালে গতকাল এ আহ্বান জানান তিনি। মেয়র বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশে উৎসব-আনন্দে পণ্যের দাম কমে। অথচ কোনো কারণ ছাড়াই বাংলাদেশে দাম বাড়ানোর একটা প্রবণতা অসাধু ব্যবসায়ীদের মধ্যে দেখা যায়, যা একেবারেই কাম্য নয়।’

আতিকুল ইসলাম বলেন, ‘প্রতিটি দোকানে মূল্যতালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক। নির্ধারিত মূল্যের অতিরিক্ত গ্রহণ কিংবা ভেজাল দ্রব্য বিক্রির চেষ্টা করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত