একটা জয় দরকার ম্যানসিটির

আপডেট : ০৮ মে ২০১৯, ০১:১৬ এএম

আর একটা জয়। তাহলেই ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতবে ম্যানচেস্টার সিটি। লিগের শেষ ম্যাচে পেপ গার্দিওলার দল খেলবে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের সঙ্গে, লিগ টেবিলে যাদের অবস্থান ১৭ নম্বরে। ম্যাচটা সহজ হওয়ার কথা। কিন্তু প্রতিপক্ষের মাঠে খেলা হওয়ায় একটু হলেও চিন্তায় থাকবে ম্যানসিটি। চিন্তার কারণ লিভারপুল শিরোপা জয়ের দৌড়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ৩৭ ম্যাচ শেষে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে অল রেডরা। সমসংখ্যক ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। শিরোপা নির্ধারক শেষ ম্যাচের আগে দলের এই অবস্থানের জন্য সিটিজেনরা ধন্যবাদ দিতে পারেন অধিনায়ক ভিনসেন্ট কমপানিকে। সোমবার লেস্টার সিটির বিপক্ষে ৭০ মিনিটে সতীর্থের নিষেধ না শুনে তিনি শটটা নিয়েছিলেন বলেই ১-০ গোলে জিতে শীর্ষে উঠে ম্যানসিটি। চলতি লিগে এটা তাদের টানা ১৩তম জয়। গার্দিওলার ছেলেরা মৌসুমে মোট ১৫৭টি গোল করেছে। আর একটা ম্যাচে গোলের অভ্যাস ধরে রাখতে পারলেই শিরোপা তাদের ঘরে উঠবে।

লিভারপুল অবশ্য সাপ-লুডো খেলার মতো শীর্ষস্থান বদলের এই প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের আশা এখনই ছাড়ছে না। ঘরের মাঠে তারা রবিবার খেলবে উলভারহ্যাম্পটনের বিপক্ষে। পয়েন্ট টেবিলের সাতে আছে যারা। শেষ ম্যাচে ম্যানসিটি হারলে তো বটেই, ড্র করলেও কপাল খুলে যাবে লিভারপুলের। সে ক্ষেত্রে ১৯৯০ সালের পর প্রথম লিগ শিরোপা জিতবে তারা। কিন্তু শেষ ম্যাচের আগের সব হিসাব মিলিয়ে একটু হলেও এগিয়ে

থাকবে গার্দিওলার দল। এই এগিয়ে থাকা সম্ভব হয়েছে কমপানির কারণেই। তিনি লেস্টার সিটির বিপক্ষে প্রায় ৩০ গজ দূর থেকে শর্টটা না নিলে কী যে হতো! সতীর্থরা তাকে নিষেধও করেছিলেন। কিন্তু তিনি শোনেননি। ম্যাচ শেষে এই ব্যাপারটা নিয়ে মজা করে কমপানি বলেছেন, ‘সবাই বলছিল শট নিও না। কিন্তু ক্যারিয়ারে এত পথ এসেছি, তরুণদের কাছ থেকে কখন শট নেব তা শোনার জন্য নয়। ১৫ বছর ধরে বলছি যে, আমি এমন গোল করতে পারি। আপনি কতগুলো গোল করলেন তা বিষয় নয়, আসলে কখন গোল করলেন সেটা বিষয়।’

সত্যি কিন্তু বিষয়! লেস্টার সিটির বিপক্ষে ওই গোলটা যদি কমপানি না করতেন তাহলে কিন্তু শিরোপা জয়ের প্রায় নিশ্চিত প্রত্যাশা নিয়ে শেষ ম্যাচে নামতে পারত না ম্যানসিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত