শরীয়তপুরে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৮ মে ২০১৯, ০৪:০২ এএম

শরীয়তপুরে এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় চারজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ছালাম খান এ আদেশ দেন। একই সঙ্গে আদালত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। 

আসামিরা হলোÑ শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের পশ্চিম নাওডোবা গফুর মোড়লকান্দি গ্রামের হামেদ মোড়লের

ছেলে নুরু মোড়ল (৩৫), সিদ্দিক মোড়লের ছেলে চুন্নু মোড়ল (৫০), চুন্নু মোড়লের স্ত্রী স্বপ্না বেগম (৪৫) ও পশ্চিম নাওডোবা আহাম্মেদ চোকিদারকান্দি গ্রামের মৃত জমির চোকিদারের ছেলে সেলিম চোকিদার (৩৭)।

ট্রাইব্যুনালের কৌঁসুলি মির্জা হজরত আলী জানান, ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় নাওডোবা ইউনিয়নের আহাম্মেদ চৌকিদারকান্দি গ্রামের ইলিয়াস চোকদারের মেয়ে রিমা আক্তার (১৩) নিখোঁজ হয়। ১৩ সেপ্টেম্বর বিকেলে নাওডোবা মজিদ হাওলাদারকান্দির জনৈক খোকন হাওলাদারের পরিত্যক্ত ভিটায় পাটকাঠি দিয়ে ঢাকা অবস্থায় রিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। রিমার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় শিশুটির বাবা ইলিয়াস চোকদার ১৪ সেপ্টেম্বর জাজিরা থানায় মামলা করেন। পুলিশ ২০১৮ সালের ২৮ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। তিনি আরও জানান, নুরু, চুন্নু, সেলিম শিশুটিকে ধর্ষণ করে এবং স্বপ্না ধর্ষণে সাহায্য করে। পরে তারা শিশুটিকে হত্যা করে। আসামিদের পক্ষের আইনজীবী আলমগীর হোসেন জানান, রায়ে তিনি সন্তুষ্ট নন, উচ্চ আদালতে যাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত