বিশ্বকবির ১৫৮তম জন্মবার্ষিকী

শাহজাদপুরে অনুষ্ঠানের উদ্বোধন আজ

আপডেট : ০৮ মে ২০১৯, ০৪:৩১ এএম

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শাহজাদপুরে দুদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বুধবার ২৫ বৈশাখ পৌর সদরের দ্বারিয়াপুর বাজারে কবির জমিদারি তদারকির স্মৃতিবিজড়িত রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে অনুষ্ঠানমালার উদ্বোধন হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উদ্বোধন করবেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠান চলবে ২৬ বৈশাখ বৃহস্পতিবার পর্যন্ত। অনুষ্ঠানের দ্বিতীয় দিন বৃহস্পতিবার প্রবন্ধ পাঠ ও আলোচনায় অংশ নেবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. প্রফেসর আফসার আহমেদ প্রমুখ।

দুদিনব্যাপী অন্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, সংগীত, নৃত্য, নাটক, রবীন্দ্র মেলা, আলোচনা সভা প্রভৃতি। এ অনুষ্ঠানকে ঘিরে শাহজাদপুর শহর উৎসবমুখর হয়ে উঠেছে। ইতোমধ্যেই এ অনুষ্ঠান উপলক্ষে শাহজাদপুর শহরকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। তোরণ, ফেস্টুন ব্যানারে ছেয়ে গেছে পথঘাট। কাছারিবাড়ি অঙ্গনকে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জায়। কাছারিবাড়ি জাদুঘরকে দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় করতে তাকে সাজানো হয়েছে নতুন রূপে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত