আই লিগে চার্চিল ব্রাদার্সের হয়ে ২০ ম্যাচে ২১ গোল করে ভারত কাঁপিয়েছেন সম্প্রতি। ত্রিনিদাদ ও টোবাগোর সেই উইলিস প্লাজা এখন প্রস্তুত বাংলাদেশ মাতাতে। ইনফর্ম এই স্ট্রাইকারকে মধ্যবর্তী দলবদলে স্বাক্ষর করিয়েছে প্রিমিয়ার লিগের প্রথম পর্বে শীর্ষে থেকে শেষ করা বসুন্ধরা কিংস। নীলফামারীতে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে আরও শক্তিশালী রূপে আবির্ভূত হতে চায় অভিষেকেই শিরোপায় চোখ রাখা দলটি। এই ম্যাচ দিয়ে ১৮ দিন পর আজ শুরু হচ্ছে লিগের দ্বিতীয় পর্ব। এই ম্যাচ ছাড়াও আজ ঢাকার বাইরের অন্য তিনটি ভেন্যুতে আরও তিনটি ম্যাচ আয়োজিত হবে। নোয়াখালীতে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর সামনে স্বাগতিক নোফেল স্পোর্টিং ক্লাব, সিলেটে শিরোপা রেসে থাকা শেখ রাসেল লড়বে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে। আর গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা মোকাবিলা করবে চট্টগ্রাম আবাহনীর।
প্রথম পর্বের শেষ ম্যাচে চোখে আঘাত পাওয়া স্প্যানিশ ডিফেন্ডার গতর ব্লাসের জায়গায় উইলিস প্লাজাকে দলে নেয় কিংস। তার অন্তর্ভুক্তিতে স্বাভাবিকভাবেই বাড়ছে কিংসের আক্রমণের ধার। প্রথম পর্বে আক্রমণভাগের নেতৃত্বে ছিলেন বিশ্বকাপ তারকা আন্দ্রেস কলিনদ্রেস। ব্রাজিলের স্ট্রাইকার মার্কোস ভিনিসিয়াসও ছিলেন ফর্মে। এদের সঙ্গে আজ থেকেই আক্রমণে দেখা যাবে প্লাজাকে। এছাড়া মতিন মিয়ার মতো স্থানীয় ফরোয়ার্ডরা তো আছেনই। প্রথম পর্বের ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তারা আবাহনীর চেয়ে এগিয়ে ৪ পয়েন্টে। এই অগ্রগামিতা ধরে রেখেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে চায় লিগের একমাত্র অপরাজিত দলটি। কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বিএ যুবায়ের নিপু বলেন, ‘প্রথম দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আগামীকাল (আজ) শেখ জামাল এবং পরের ম্যাচেই আবাহনীর সঙ্গে খেলতে হবে। এ দুটি ম্যাচে জিততে পারলে শিরোপা জেতা আমার মনে হয় কঠিন হবে না। আমরা শতভাগ আত্মবিশ্বাসী এ ব্যাপারে।’
৩০ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে থাকা আবাহনীও দলে এনেছে পরিবর্তন। কোরিয়ান মিডফিল্ডার মিন ইয়ক কোকে ছেড়ে দিয়ে তারা দলে নিয়েছে ব্রাজিলিয়ান হোল্ডিং মিডফিল্ডার ওয়েলিংটন প্রিয়রিকে। এএফসি কাপের জন্য শুরুতে প্রিয়রিকে দলে নিয়েছিল আবাহনী। যদিও এএফসি কাপের তিন ম্যাচে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি এই ব্রাজিলিয়ানকে। দ্বিতীয় পর্ব শুরুর আগে অবশ্য আবাহনী শিবিরে আঘাত হেনেছে ইনজুরি। দলের গুরুত্বপূর্ণ সেন্টারব্যাক তপু বর্মণ এবং মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদকে দ্বিতীয় পর্বে পাচ্ছে না দলটি। আরেক ডিফেন্ডার টুটুল হোসেন বাদশাও এখনো চোট কাটিয়ে উঠতে পারেনি। তাই তো দলটি এগোতে চাইছে ম্যাচ বাই ম্যাচ। দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘বেশ কজনের ইনজুরির কারণে ডিফেন্স নিয়ে আমরা কিছুটা চিন্তিত। তাই মিন ইয়ক কোকে ছেড়ে দিয়ে ওয়েলিংটনকে নিয়েছি যে ডিফেন্সেও সহায়তা দিতে পারবে। আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। নিজেদের ম্যাচগুলোতে পয়েন্ট না খোয়ালে শিরোপা জয়ের সম্ভাবনা আমাদের ভালোই রয়েছে।’
কিংস, আবাহনীর পরই শিরোপা লড়াইয়ে রয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। কিংসের সঙ্গে তাদের ব্যবধান ৭ পয়েন্টের। আর দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সঙ্গে ব্যবধানটা ৩ পয়েন্টের। এই দলটিও বিদেশি খেলোয়াড় পরিবর্তন করেছে একটি। ব্রাজিলিয়ান অ্যালেক্স রাফায়েলকে ছেড়ে দলটি নিয়েছে ইউক্রেনের উইঙ্গার ভ্যালেরি হাইসেরকে। দলটির কোচ সাইফুল বারী টিটু মনে করেন, শিরোপা জেতাটা অনেক কঠিন তাদের জন্য, ‘প্রথম পর্বে আমাদের ফরোয়ার্ড লাইন ভালো করেনি। ১২ ম্যাচে মাত্র ১৬ গোল দিয়েছে। এমনটা দ্বিতীয় পর্বে হলে শিরোপা জেতা সম্ভব হবে না। আমাদের লক্ষ্য যে ম্যাচগুলোতে ৩ পয়েন্ট পাওয়া সম্ভব সেগুলো নিশ্চিত করা। আর কিংস এবং আবাহনীর ম্যাচটা ড্র হলে আমাদের সুযোগটা বাড়বে।’
লিগ টেবিলের চতুর্থ স্থানে থাকা সাইফ স্পোর্টিং ক্লাবও দ্বিতীয় পর্বের জন্য এনেছে ব্যাপক পরিবর্তন। তারা তাদের আগের তিনজন বিদেশিকে ছেড়ে দিয়েছে। তিন নতুন বিদেশি ছাড়াও তারা তিনজন স্থানীয় ফুটবলারও দলে নিয়েছে। যদিও ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তাদের শিরোপা জেতা বলতে গেলে অসম্ভব।
লিগ টেবিলের তলানিতে থাকা দলগুলোও শক্তি সঞ্চয় করে নামছে দ্বিতীয় পর্বে। পাঁচটি দল রয়েছে অবনমন ঠেকানোর লড়াইয়ে। ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে টিম বিজেএমসি দলভুক্ত করেছে পুরনো মুখ নাইজেরিয়ান স্ট্রাইকার এলিটা কিংসলেকে। টেবিলের ১২তম স্থানে থাকা মোহামেডানের সংগ্রহ ৬। দলটি গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডারবোয় ও নাইজেরিয়ান এনকোচা কিংসলেকে ছেড়ে দিয়ে দলে নিয়েছে ক্যামেরুনের জিয়ান জুলস ইকাঙ্গা ও মালির সুলেয়মান দিয়াবাতেকে। এছাড়া পাঁচজন স্থানীয় ফুটবলারকে নিয়ে দলটি চেষ্টা করবে অবনমন লজ্জা থেকে বাঁচতে। ১১তম স্থানে থাকা ব্রাদার্স ইউনিয়ন তাদের চার বিদেশিকে ছেড়ে দিয়ে নতুন চারজনকে নিয়েছে। ৮ পয়েন্ট নিয়ে তারা শুরু করবে দ্বিতীয় পর্ব। ৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে থাকা নোফেল তিনজন স্থানীয় ফুটবলার দলভুক্ত করেছে। আর আটে থাকা রহমতগঞ্জ মোহামেডানের ছেড়ে দেওয়া ল্যান্ডিং দারবোয়কে দলে নিয়েছে।
নতুন সূচি অনুযায়ী লিগ শেষ করার কথা রয়েছে ৮ আগস্ট।
