বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে প্রকল্প নিচ্ছে সরকার

আপডেট : ০৯ মে ২০১৯, ০২:৫৬ এএম

দেশের সব বিমানবন্দরে যাত্রী সেবার মান বৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ‘আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর সিকিউরিটি ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক এই প্রকল্পের আওতায় দেশের সব বিমানবন্দরে নিরাপদে উড়োজাহাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি কেনা হবে। আধুনিক করা হবে বিমানবন্দরের কমিউনিকেশন ও নেভিগেশন সার্ভিল্যান্স (সিএনএস) ব্যবস্থাও। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান বলেন, নিরাপদ ও নির্বিঘ্নে উড়োজাহাজ চলাচলের জন্য এ প্রকল্প নেওয়া হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের পর প্রকল্পগুলো আলোর মুখ দেখবে। বিমানের কর্মকর্তারা জানান, গত ১০ বছরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসংখ্যা বাড়লেও সেই তুলনায় সেবার মান বাড়েনি। যাত্রী নিরাপত্তার জন্য যেসব যন্ত্রপাতি রয়েছে, সেগুলোর অধিকাংশই পুরনো। প্রায় সময়ই এসব যন্ত্রপাতি ঠিকমতো সচল অবস্থায় পাওয়া যায় না। ফলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের নিরাপদ সেবার ঘাটতি হতে পারে বলে মনে করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ অবস্থায় দেশের সব বিমানবন্দরে উড়োজাহাজ পরিচালনায় নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে প্রকল্পটি হাতে নিচ্ছে সরকার।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে নেওয়া প্রকল্পটির অধীনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর ও সিভিল এভিয়েশন ট্রেনিং সেন্টারে ৬০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হলোÑ নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে এয়ার ট্রাফিক সেবার কার্যকারিতা বৃদ্ধিসহ দেশে নিরাপদ উড়োজাহাজ পরিবহন পরিচালনা, সিভিল এভিয়েশন ট্রেনিং সেন্টারে (সিএটিসি) এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের (এটিসি) জন্য প্রশিক্ষণ, উড়োজাহাজ দুর্ঘটনা রোধে শাহজালাল বিমানবন্দরের উদ্ধারকাজ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার উন্নয়ন এবং বাংলাদেশে উড়োজাহাজ খাতের সুরক্ষা ও নিরাপত্তা বৃদ্ধি করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত