‘পাইলট যেভাবে প্লেন সামলেছেন সেটা মিরাকল’

আপডেট : ০৯ মে ২০১৯, ০৮:৪৬ এএম

মিয়ানমারের ইয়াঙ্গুনে ছিটকে রানওয়ের বাইরে চলে যাওয়া বিমান বাংলাদেশের ফ্লাইটটির কমপক্ষে ১৮ জন যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে পাইলট সবচেয়ে বেশি আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানায় বিবিসি বাংলা।

এ ছাড়া প্রত্যক্ষদর্শীরা বলছেন, পাইলট যেভাবে প্লেন সামলে সবাইকে বাঁচালো সেটা মিরাকল।

প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনার খবর শুনে ইয়াঙ্গুনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অনেকেই বিমান হাসপাতালে ছুটে যান। তাদের একজন মিয়ানমারে একটি আইটি কোম্পানির কর্ণধার মুনিমউল ইসলাম।

তিনি বলেন, “হাসপাতালে গিয়ে প্রথমেই দেখি আহতরা সবাই যেন এক ধরনের শকের মধ্যে আছে। প্যাসেঞ্জারদের কাছ থেকে যেটা আমরা শুনলাম যে পাইলট যেভাবে প্লেনটা সামলে সবাইকে বাঁচালো সেটা একটা মিরাকল। তবে পাইলট নিজেই অনেক আহত। তাকে নিয়েই আমরা বেশি চিন্তা করছি।”

শুরুতে আহতদের বিমানবন্দর থেকে দশ মিনিটের দূরত্বে নর্থ ওকলাপা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাদের ইয়াঙ্গুন জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

কীভাবে খবর পেলেন সেই প্রসঙ্গে বলেন, “যখন খবর পেলাম যে প্লেন একটা ক্র্যাশ হয়েছে বাংলাদেশের, তখন ফেসবুকে নিউজটা শেয়ার করি পাবলিক পোস্টে। এরপরই যারা ফ্লাইটে ছিল তাদের আত্মীয়স্বজন যোগাযোগ শুরু করে। আমরা প্রথম হাসপাতালটিতে গিয়ে কয়েকজনকে ট্র্যাক করলাম। কয়েকজনকে দ্বিতীয় হাসপাতালে নিয়ে আসার খবর শুনে আবার সেখানে গেলাম।”

মুনিমউল জানান, ইয়াঙ্গুনের মুখ্যমন্ত্রী নিজে দুটি হাসপাতালেই দীর্ঘ সময় ছিলেন। সবকিছু তদারকি করেছেন। এ ছাড়া বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও হাসপাতালে সব ধরনের সহযোগিতা দিচ্ছেন।

বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজটি বেলা পৌনে ৪টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। মিয়ানমার সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানের ফ্লাইট বিজি ১৬০-এ একটি শিশুসহ ৩৩ জন আরোহী ছিলেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, উড়োজাহাজটিতে থাকা যাত্রীদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, কানাডা, চীন, ভারত, ফ্রান্স ও সুইজারল্যান্ডের নাগরিক ছিলেন। ইয়াঙ্গুন বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে দুর্ঘটনায় পড়া বাংলাদেশি উড়োজাহাজটির অগ্রভাগ ও দুটি পাখাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমানটিতে মোট ৩৩ জন আরোহী ছিল। তাদের মধ্যে চারজন বিমান ক্রু এবং বাকি ২৯ জন যাত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত