বিশ্ব দরবারে নাচের সেরা দলের খেতাব ছিনিয়ে নিয়েছে ভারতের নাচের দল। এনবিসি'র নাচের রিয়ালিটি টিভি শো ‘ওয়ার্ল্ড অফ ডান্সে'র বিজয়ী হল দ্য কিংস। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের কাছ থেকে তো বটেই বলিউড তারকাদের কাছ থেকেও প্রচুর অভিনন্দন ও প্রশংসা পেয়েছে এই নাচের দল। বিশ্বজয়ের পরেই দ্য কিংস দলকে শুভেচ্ছা জানিয়েছেন স্ট্রিট ডান্সার থ্রি ডি চলচ্চিত্রের তারকা শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ান এবং চলচ্চিত্রের পরিচালক রেমো ডি'সুজা।
দ্য কিংস দলের চূড়ান্ত পারফরম্যান্সের একটি ভিডিও ভাগ করে নিয়েছেন বরুণ ধাওয়ান এবং এমন বড় জয়ের জন্য নাচের এই দলকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।
বরুণ লিখেছেন, “দ্য কিংসরা বিশ্ব চ্যাম্পিয়ন। তোমাদের জন্য গর্বিত এবং সবার সঙ্গে কাজ করার জন্য সত্যিই অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
শ্রদ্ধা কাপুর তার সিনেমা এবিসিডি ২তে এই দলের সঙ্গে কাজ করেছেন। তিনিও লিখেছেন: “বিশ্ব চ্যাম্পিয়ন! রাজাদের প্রত্যেকের জন্য প্রচণ্ড গর্বের মুহূর্ত। এবিসিডি টু এ তোমাদের সঙ্গে কাজ করতে পারার জন্য গর্বিত এবং এখন তোমরা বিশ্ব চ্যাম্পিয়ান!”
কিংসদের এই জয় অবশ্য ভক্তদের কাছে আকস্মিক নয় কারণ ১৪ সদস্যের এই দল এই শোয়ের সব থেকে পছন্দসই দলগুলোর মধ্যেই একটি ছিল এবং সবসময় বিচারকদের প্যানেল থেকে দুর্দান্ত ফলাফলই পেতেন তারা। বিচারকদের মধ্যে ছিলেন জেনিফার লোপেজ, নে-ইয়ো এবং ডেরেক হাফ।
মালহারি, ইয়ে রাতে এবং তাত্তাদ তাত্তাদের মতো জনপ্রিয় বলিউড ট্র্যাকের সঙ্গে কিংস দলের নাচ ভক্তদের কাছে এই দলের সেরা উপহার বলেই মনে করা হয়।
চলচ্চিত্র নির্মাতা এবং নৃত্যশিল্পী রেমো ডি'সুজা তার আসন্ন চলচ্চিত্র স্ট্রিট ডান্সার থ্রি ডি’তে কয়েকটি নাচের কোরিওগ্রাফির জন্য কিংস দলের প্রধান কোরিওগ্রাফার সুরেশ মুকুন্দের সঙ্গে যোগাযোগও করেছেন।
