অনূর্ধ্ব-১৯ দলের কোচ হতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দেশটির জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইউনিস খান। দাবিদাওয়া নিয়ে বনিবনা না হওয়ায় যুব দলের দায়িত্ব নিতে রাজি হয়নি কিংবদন্তিতুল্য এই ব্যাটসম্যান।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান যুব দলের খুব একটা ভালো সময় যাচ্ছে না। যুব এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। সেই টুর্নামেন্টে পাকিস্তান একটি মাত্র ম্যাচ জিতেছিল, হংকংয়ের বিপক্ষে। ২০১৮ সালে যুব বিশ্বকাপেও আফগানিস্তানের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল তারা।
তরুণদের ভালোভাবে গড়ে তোলার দায়িত্বটা উইনিস খানকে দিতে চেয়েছিল পিসিবি। বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান এই বিষয়ে সাবেক তারকা এই ক্রিকেটারের সাথে আলোচনা করেছিলেন। কিন্তু ইউনিস মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করে বসেন। দল নির্বাচনেও চেয়েছিলেন পূর্ণ স্বাধীনতা। তার সব চাওয়া মেনে নেয়নি পিসিবি। অনূর্ধ্ব-১৯ দলের সাথে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করেন ইউনিস।
পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল টেস্ট ব্যাটসম্যানদের একজন ইউনিস। একমাত্র পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে দশ হাজার রানের এলিট ক্লাবে প্রবেশ করেন তিনি। টেস্ট ক্রিকেটে ২১৩ ইনিংসে তার সংগ্রহ ১০০৯৯ রান। একদিনের ক্রিকেটে তার নামের পাশে আছে ৭২৪৯ রান।
প্রসঙ্গত, জাতীয় দলে খেলাকালীন বোর্ডের সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল না ইউনিসের।
