খেললেন রোজা রেখে, গোল করলেন ইফতার সেরে

আপডেট : ০৯ মে ২০১৯, ০৬:২৯ পিএম

রমজান মাস জুড়ে অনেক মুসলিম ক্রীড়া তারকাকে দেখা যায় রোজা রেখেই মাঠে নামতে। ক্রিকেটে হাশিম আমলার করা বলা যায়। ফুটবলে মেসুত ওজিল, মোহাম্মদ সাহালর মতো তারকারা এমনটা করেন। বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যা করেছেন আয়াক্সের দুই তারকা হাকিম জিয়েখ ও নওসাইর মাজরাউয়ি। রোজা রেখে দুজন খেলেছেন। হাকিম জিয়েখ তো গোল করেছেন ইফতার সেরে।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল টটেনহ্যাম ও আয়াক্স। নেদারল্যান্ডসের আমস্টারডামে আয়াক্স ও টটেনহ্যাম ম্যাচটি মাঠে গড়িয়েছিল স্থানীয় সময় সূর্যাস্তের আধ ঘণ্টা আগে। ম্যাচটির কিক অফের প্রায় ২০ মিনিট পর ছিল ইফতারের সময়।

আয়াক্সের মরক্কোর দুই ফুটবলার হাকিম জিয়েখ ও নওসাইর মাজরাউয়িকে দেখা গেছে সেই সময়টা ডাগআউটে গিয়ে ইফতার সারতে। ‘এনার্জি জেল’ দিয়ে ইফতার সারছিলেন তারা। যা অ্যাথলেটদের শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায়।

ইফতার সারার ঠিক ১৫ মিনিট পরই গোল আদায় করে নেন হাকিম জিয়েখ। যদিও ম্যাচ শেষে হাসতে পারেননি তিনি। নিজেদের ঘরে আয়াক্স ম্যাচটি হারে ৩-২ গোলে। দুই লেগ মিলে স্কোর লাইনটা ৩-৩ হলেও অ্যাওয়ে গোলের হিসেবে এগিয়ে থেকে ফাইনালে ওঠে যায় টটেনহ্যাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত