সেমিফাইনালে তুরস্কের কাছে হেরে আরচারি বিশ্বকাপ স্টেড-২-এর ফাইনালে খেলা হলো না বাংলাদেশ পুরুষ রিকার্ভ দলের। গতকাল হাকিম আহমেদ রুবেল, রুমান সানা ও তামিমুল ইসলামকে নিয়ে গড়া বাংলাদেশ রিকার্ভ দল বেস্ট অব ১৬’র ম্যাচে নেদারল্যান্ডসকে ৫-৩ সেট পয়েন্ট হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আসে। এরপর কোয়ার্টার ফাইনালে তারা ৫-১ ব্যবধানে হারায় ভারতকে। কিন্তু সেমিফাইনালে তুরস্কের কাছে হেরে যায় ৫-৩ সেটে। ফাইনালে উঠতে পারলে অন্তত রুপা নিশ্চিত হতো বাংলাদেশের। তবে এখনো পদক জয়ের সম্ভাবনা রয়েছে তাদের। তার জন্য ব্রোঞ্জপদক ম্যাচে তাদের হারাতে হবে দক্ষিণ কোরিয়াকে।
এদিকে ছেলেদের রিকার্ভ এককে রুবেল বেস্ট অব ১৬ ম্যাচে কোরিয়ার সিনজিয়ান লির কাছে ৭-৩ সেট পয়েন্টে হেরে বিদায় নেন। রুমান সানা একই রাউন্ডে নেদারল্যান্ডসের ফন ডেন বার্গের কাছে হেরেছেন ৬-৪ সেট পয়েন্টে।
