বাংলাদেশ দলের বোলিং আক্রমণে অন্যতম ভরসা মুস্তাফিজুর রহমানের সময়টা যেন একটু কঠিন যাচ্ছে। উইকেট পেলেও রান দেওয়ায় লাগামছাড়া। তবে ফিজের এমন পারফরম্যান্সে উদ্বেগের কিছু দেখছেন না টাইগারদের কোচ স্টিভ রোডস।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উড়ন্ত জয় পায় বাংলাদেশ। ম্যাচটিতে দলের নেতিবাচক দিক বলতেই একটাই- মুস্তাফিজের বোলিং। দুইটি উইকেট নিলেও অস্বাভাবিক রান দিয়েছেন ‘কাটারমাস্টার’। ১০ ওভারে ৮ দশমিক ৪০ গড়ে দিয়েছেন ৮৪ রান!
আয়ারল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হওয়ার পর সংবাদ সম্মেলনে আসা রোডস মুস্তাফিজ প্রসঙ্গে বলেন, তার ফর্মহীনতা সাময়িক। এতে চিন্তার কিছু নেই।
“মুস্তাফিজকে নিয়ে আমি চিন্তিত নই। ওয়ানডে ক্রিকেটে ও দুর্দান্ত একজন বোলার। বেশিদিন আগের কথা নয়, সে সেরা পাঁচ বোলারের একজন ছিল। খুব বেশি বাংলাদেশি বোলার এটা অর্জন করতে পারেনি।”
