ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় স্যাটেলাইট ফোন ও ড্রোন ব্যবহার করতে পারে দেশটির নির্বাচন কমিশন। মূলত মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহলে নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য এমন ব্যবস্থা নিতে যাচ্ছে কমিশন।
এনডিটিভি জানায়, ১২তারিখ ষষ্ঠ দফায় ভোট গ্রহণে পশ্চিমবঙ্গে যেসব এলাকায় ভোট হবে তার মধ্যে রয়েছে জঙ্গলমহলও। প্রত্যন্ত এ অঞ্চলে যদিও মাওবাদীরা গত কয়েক বছর ধরে তেমন সক্রিয় নেই। তবুও নির্বাচনের সময় কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়ে রাখছে কমিশন।
এদিন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সবকটি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী । এ ছাড়া অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থাও রাখা হচ্ছে। মহারাষ্ট্রে এবং ছত্রিশগড়ের মাও উপদ্রুত জায়গায় ভোট গ্রহণের পূর্বের অভিজ্ঞতা তেমন ভাল নয় কমিশনের।
গত নির্বাচনে মহারাষ্ট্র ছত্রিশগড়ে বারবার আঘাত হেনেছিল মাওবাদীরা। ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারের সময় সময় দান্তেওয়ায় এক বিজেপি বিধায়কের মৃত্যুও হয়। গত সপ্তাহে মহারাষ্ট্রের গড়চিরৌলিতে মাওবাদীদের হামলায় নিহত হয়েছে আধা সামরিক বাহিনীর ১৫ সদস্য।
এমন পরিস্থিতি যাবতীয় প্রস্তুতি সেরেছে কমিশন। ড্রোন ও স্যাটেলাইট ফোন ব্যবহারের কথাও ভাবছে তারা।
রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন কর্মকর্তা সঞ্জয় বসু বলেন, জঙ্গলমহল সহ গোটা রাজ্যে ভোট ভালোভাবে করতে আমরা সমস্ত ব্যবস্থা করে রেখেছি।
ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর লড়বে। এ তালিকায় আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তৃণমূল প্রার্থী শিশির অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ, এ সময়ে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় নায়ক দেব থেকে শুরু করে আরও অনেকে।
