দিল্লিকে হারিয়ে ফাইনালে ধোনির চেন্নাই

আপডেট : ১১ মে ২০১৯, ০২:১৫ এএম

জয়ের পথটা মশ্রিন করে দিয়েছিলেন বোলাররা। দুই ওপেনার ফ্যাফ ডু প্লেসি ও শেন ওয়াটসন কাজটাকে আরো সহজতর করে তুললেন। দ্বাদশ আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে একরকম দাপুটে জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস। তাতে অষ্টমবারের মতো আইপিএল ফাইনালে জায়গা পেল দলটি।

শুক্রবার দিল্লিকে ৬ উইকেটে হারায় চেন্নাই। আগে ব্যাট করে ৯ উইকেটে ১৪৭ রান করেছিল দিল্লি। জবাবে ৬ বল হাতে রেখে জয় তুলে নেয় চেন্নাই। রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে দলটি।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন ফ্যাফ ডু প্লেসি ও শেন ওয়াটসন। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৮১ রান। একপ্রান্তে ঝড় তোলেন ডু প্লেসি। এই দক্ষিণ আফ্রিকান ৩৮ বলে ৫০ করে ফেরেন। ৭টি চারের সঙ্গে ১টি ছক্কা হাঁকান তিনি।

ডু প্লেসি ফেরার পর হাত খুলে খেলতে থাকেন ওয়াটসন। ৩২ বলে ৫০ করে ফেরেন তিনি। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৪ ছক্কা।

এর পর আরো দুই উইকেট হারিয়েছে চেন্নাই। তবে জয় পেতে অসুবিধা হয়নি তাদের। অম্বতি রাইডু অপরাজিত ছিলেন ২০ রানে।

এর আগে দিল্লি মোটামুটি একটি পুঁজি দাঁড় করায় রিশভ পন্ত ও কলিন মুনরোর ব্যাটে। পন্ত ৩৮ রান করেন। ২৭ রান আসে মুনরোর ব্যাট থেকে। বাকিদের কেউই জ্বলে উঠতে পারেননি।

দিল্লির পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন দিপক চাহার, হরভজন সিং, রবীন্দ্র জাদেজা ও ডোয়াইন ব্রাভো। ম্যাচসেরা হয়েছেন ফ্যাফ ডু প্লেসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত