ফরিদপুরের বোয়ালমারীতে এক তরুণীকে (১৯) বিয়ে করার কথা বলে ডেকে এনে আটকে রেখে দুই যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই তরুণী তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা করেছেন। গতকাল শুক্রবার তাদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বোয়ালমারীর পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজার এলাকার মেহেদী, আকমল ও ইউসুফ। এর মধ্যে বনচাকী গ্রামের ইউসুফ শেখের (২০) সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। গত বুধবার বিকেলে ইউসুফ তাকে বোয়ালমারীর ময়েনদিয়া বাজার এলাকায় মেহেদী হাসানের বাড়িতে আটকে রেখে দুজন মিলে ধর্ষণ করে। তরুণীর শারীরিক পরীক্ষার জন্য গতকাল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মামাবাড়ি বেড়াতে গিয়ে ছয় বছরের এক শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে। সে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী মডার্ন কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর অভিযুক্ত মিল্টন ফকির পলাতক। জিজ্ঞাসাবাদের জন্য মিল্টনের মা-বোনসহ চারজনকে আটক করা হয়েছে। লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জের পাঁচপাড়া এলাকায় আড়াই বছরের এক শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর তুরাগের কামারপাড়া শাপলা মোড় এলাকায় এক তরুণী (১৮) ধর্ষণের শিকার হয়েছে। গতকাল শুক্রবার সকালে ওই তরুণীর সৎ বাবা মকবুল হোসেকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :
ফরিদপুরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ : ফরিদপুরের বোয়ালমারীতে এক তরুণীকে (১৯) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মোবাইল ফোনে ডেকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, চার মাস আগে ফরিদপুরের সালথা উপজেলার ওই তরুণীর সঙ্গে বোয়ালমারী চতুল ইউনিয়নের বনচাকী গ্রামের ইউসুফ শেখের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বুধবার বেলা ৩টার দিকে ইউসুফ ওই তরুণীকে বিয়ে করার কথা বলে মুঠোফোনে বোয়ালমারীর ময়েনদিয়া বাজার এলাকায় আসতে বলে। তরুণী সেখানে গেলে ইউসুফ তাকে নিয়ে মেহেদী হাসানের (২৪) বাড়িতে নিয়ে যায়। ওইদিন রাত সাড়ে ১০টার দিকে ইউসুফ ওই তরুণীকে ধর্ষণ করে একটি ঘরে আটকে রাখে। পরের দিন বনচাকী গ্রামের আকমল বিশ্বাস (৩৫) তরুণীকে ধর্ষণ করে। পরে আটকে রাখা ও ধর্ষণের ঘটনা ওই তরুণী মেহেদীর ফুপাতো ভাইয়ের মাধ্যমে বোয়ালমারী থানায় জানান। গত বৃহস্পতিবার রাতে মেহেদীর বাড়িতে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার এবং ইউসুফ ও মেহেদীকে আটক করে পুলিশ।
গতকাল সকালে ওই তরুণী বাদী হয়ে ইউসুফ, মেহেদী ও আকমলকে আসামি করে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
বোয়ালমারী থানার ওসি এ কে শামীম হাসান বলেন, ওই তরুণীর শারীরিক পরীক্ষার জন্য গতকাল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে। আটক ইউসুফ ও মেহেদীকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
টুঙ্গিপাড়ায় ধর্ষণচেষ্টার শিকার শিশু : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মামাবাড়ি বেড়াতে গিয়ে ছয় বছরের এক শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী মডার্ন কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই শিশুর মা বাদী হয়ে টুঙ্গিপাড়ায় থানায় একটি অভিযোগ করেছেন। ঘটনার পর অভিযুক্ত মিল্টন ফকির পলাতক। জিজ্ঞাসাবাদের জন্য মিল্টনের মা-বোনসহ চারজনকে আটক করেছে পুলিশ।
ধর্ষণের শিকার ওই শিশুর মা বলেন, ‘১০ দিন আগে আমি আমার মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়ি কুশলী মধ্যপাড়া বেড়াতে যাই। বৃহস্পতিবার ইফতার শেষে পাশের বাড়িতে পানি আনতে যাই। এ সময় আমার মেয়ে বাড়ির উঠানে খেলছিল। বাড়িতে আর কেউ না থাকার সুযোগে আমার সম্পর্কে চাচাতো ভাই হাসেম ফকিরের ছেলে মিল্টন ফকির মেয়েকে ডেকে তাদের নির্মাণাধীন বাড়ির একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে।’
ওই শিশুর মামা আশিক ফকির অভিযোগ করে বলেন, ‘ভাগ্নিকে হাসপাতালে নেওয়ার সময় ধর্ষকের পরিবারের লোকজন আমার বোনকে বাধা দেয়। প্রতিবেশীদের সহযোগিতায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাত ৯টার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।’
আশিক অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তির পর শুক্রবার দুপুর পর্যন্ত কোনো ডাক্তার আমার ভাগ্নিকে চিকিৎসা দেয়নি।’
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, টুঙ্গিপাড়ার ছয় বছরের এক শিশু ভর্তি হয়েছে শুনেছি। তার ডাক্তারি পরীক্ষা করা হবে।’ লক্ষ্মীপুরে আড়াই বছরের শিশুকে যৌন নিপীড়ন : লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জের পাঁচপাড়া এলাকায় আড়াই বছরের এক শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে বেলাল হোসেন নামে এক ট্রাকচালকের সহকারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও শিশুর স্বজনরা জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে কৌশলে নিয়ে যায় একই বাড়ির বখাটে বেলাল। এরপর ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে পালিয়ে যায় ধর্ষক বেলাল। পরে শিশুকে উদ্ধার করে দুপুরে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুর মা বলেন, ‘আমার ছোট্ট মেয়েকে বেলাল ধর্ষণ করেছে। মেয়ের অবস্থা ভালো না। আমি ধর্ষক বেলালের ফাঁসি চাই।’চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সৎবাবার হাতে ধর্ষণের শিকার তরুণী : রাজধানীর তুরাগের কামারপাড়া শাপলা মোড় এলাকায় এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। গতকাল সকালে ওই তরুণীর সৎবাবা মকবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বাস্থ্য পরীক্ষার জন্য তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, তুরাগের কালিয়ারটেক এলাকায় একটি বাড়িতে মা ও সৎবাবার সঙ্গে থাকেন ওই তরুণী। তার মা একজন পোশাক শ্রমিক। মা কাজের জন্য বাইরে গেলে মকবুল দিনের পর দিন ধর্ষণ করে আসছে তরুণীকে। স্থানীয় লোকজন বিষয়টি টের পেলে মেয়েটির জন্মদাতা পিতা বুলু মিয়াকে জানালে তিনি থানায় মামলা করেন।
তুরাগ থানার এসআই মোজাম্মেল হক দেশ রূপান্তরকে বলেন, ‘ওই তরুণীকে ২০১৮ সালের মার্চ মাস থেকে বিভিন্ন সময় ধর্ষণ করে আসছিল তার সৎবাবা।
কুমিল্লায় মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় আটক ১
ধর্ষণের সাত দিন পর গ্রেপ্তার হলো কুমিল্লা হোমনা ইসলামিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী মো. সুমন। গতকাল মেঘনা থানার মুগারচর গ্রাম থেকে তাকে আটক করে হোমনা থানা পুলিশ। ধর্ষক সুমনকে গ্রেপ্তারের খবর শুনে এলাকার মানুষ তার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
গতকাল দুপুর ২টায় মেঘনার মুগারচর এলাকা থেকে সুমনকে আটক করা হয় বলে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ফজলে রাব্বী নিশ্চিত করেন। তিনি জানান, তার বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদক, সন্ত্রাসী কর্মকা-সহ বিভিন্ন আইনে আটটি মামলা রয়েছে।
গত ৩ মে বেলা ১১টার দিকে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী তার বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার দাক্ষিগাঁও গ্রামের রেজাউল করিম ওরফে রাজা মিয়ার ছেলে সুমন (২৯) ভঙ্গারচর গ্রামের রজ্জব আলী মাস্টারের কাঠবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সুমনকে আসামি করে হোমনা থানায় একটি ধর্ষণ মামলা করেন।
