চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় এক তরুণ অন্তত পাঁচজনকে এলোপাতাড়ি কুপিয়েছে। এতে সন্ধ্যা রানী (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চারজন। গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার সময় নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী বড় কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। নিহত সন্ধ্যা রানী ওই এলাকার মৃত ধীরেন্দ্র চন্দ্রের স্ত্রী। আহতরা হলেন
শান্তি নন্দী (৭০), দীপক দত্ত (৪৮), টিংকু দত্ত (৪৫) ও প্রবীর তালুকদার (৪০)। এ ঘটনায় সত্যজিৎ (৩৫) নামে ওই যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আকবর শাহ থানার ওসি জসিম উদ্দিন।
ওসি জসিম বলেন, ‘সত্যজিতের এলাকায় একটি ফার্মেসি আছে। যতটুকু জানতে পেরেছি সে মাদকাসক্ত। অতিরিক্ত মদ পানে মাতাল হয়ে সে কালীবাড়ির সামনে পাঁচজনকে এলোপাতাড়ি দা দিয়ে কুপিয়েছে। এরপর সে নিজেকে রক্ষার জন্য পুকুরে ঝাঁপ দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়–য়া বলেন, ‘দায়ের কোপে গুরুতর আহত সন্ধ্যা রানীকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি চারজনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’
এদিকে আহত সত্যজিৎ মাদকাসক্ত কিনা সেটা পরীক্ষার জন্য তাকেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি জসিম।
