অনলাইন শপিং পোর্টাল আমাজনের পাশাপাশি মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের প্রধান জেফ বেজোস। বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি এবার চাঁদে মানুষ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি বেজোস জানান, ২০২৪ সালের মধ্যেই চাঁদে মানুষ পাঠাবেন তিনি। আর সেই অভিযান শুধু গবেষণা নয়, বসবাসের জন্যও।
চন্দ্র অভিযানের জন্য বেজোস যে অত্যাধুনিক উচ্চপ্রযুক্তিসম্পন্ন মহাকাশযানের পরিকল্পনা করেছেন, সেটি চাঁদে গাড়ি ও অন্যান্য সরঞ্জাম বহন করে নিয়ে যাবে। যাতে বসতি স্থাপনে কোনো অসুবিধা না হয়।
বৃহস্পতিবার ওয়াশিংটনে এই মহাকাশ অভিযানের পরিকল্পনা উপস্থাপনা করেন ৫৫ বছরের বেজোস। “এই হলো ব্লু মুন”, বিশালাকার একটি মহাকাশযানের মডেল পর্দায় উন্মোচন করে বলেন তিনি।
৬.৫ মেট্রিক টন ওজনের যানটি চাঁদের মাটিতে গিয়ে নামবে। বৈজ্ঞানিক গবেষণার সরঞ্জাম ছাড়াও এতে মানুষ চাঁদে পাড়ি দেবে।
চন্দ্রযানটি ছাড়াও চার চাকার একটি মুন রোভারও প্রকাশ্যে এনেছেন বেজোস।
কোনো সময়সীমা বা কবে অভিযান হবে- তা জানাননি বেজোস। তবে ব্লু অরিজিনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে চাঁদে মানুষ পাঠানোর যে লক্ষ্য স্থির করেছেন, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই তারা পরিকল্পনা করছেন।
আরও জানানো হয়, মাত্র তিন বছর আগে কাজ শুরু করায় খুব সতর্ক হয়ে এগোতে চায় ব্লু অরিজিন।
