মেসির ম্যাচে ধারাভাষ্য দেবেন জামাল ভূঁইয়া

আপডেট : ১১ মে ২০১৯, ০৪:৩৭ পিএম

লা লিগায় এবার যুক্ত হচ্ছে বাংলাদেশের নাম! বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে দেখা যাবে লা লিগায়।

ঠিক দেখা না বলে, ‘শোনা’ বলা যেতে পারে। লা লিগার ম্যাচে ধারাভাষ্য দেবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। সেটিও লিওনেল মেসির ক্লাব বার্সেলোনার ম্যাচে।

১৮ এপ্রিল বার্সেলোনা-এইবারের মধ্যকার লা লিগা ম্যাচে বিশেষজ্ঞ ধারাভাষ্যকার হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে স্পেনে নয়, ক্রীড়া টেলিভিশন বেন স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দিতে দুবাই যাবেন তিনি। সেখানে স্টুডিও থেকে দেবেন ধারাভাষ্য।

প্রস্তাবটা পেয়েছিলেন সপ্তাহ খানিক আগেই। কিন্তু লিগে নিজ ক্লাবের ব্যস্ততা রয়েছে। তাই লা লিগায় ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব পেলেও কিছুটা সংশয়ে ছিলেন জামাল। শেষ পর্যন্ত ক্লাবের কাছ থেকে অনুমতি পেয়েছেন। ১৭ মে দুবাইয়ের বিমান ধরবেন বাংলাদেশ অধিনায়ক।

শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ার দল সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচের পর সংবাদমাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন বার্সেলোনার ম্যাচে ধারাভাষ্য দেওয়ার বিষয়টি।

জামাল ভূঁইয়া বলেন, ‘‘তারা অনেক আগে থেকেই আমাকে চেয়েছে। ক্লাব ম্যানেজমেন্টের অনুমতি নিয়ে আমি শেষ পর্যন্ত সম্মতি দিয়েছি। আগামী ১৮ তারিখ রাতের ম্যাচে আমি থাকব। খেলা শুরুর আগে ও বিরতির সময় ম্যাচ নিয়ে আলোচনা করব।’’

স্প্যানিশ লিগে ১৮ মে মোট ১০টি ম্যাচ। জামাল ভূঁইয়াকে বার্সেলোনা-এইবার ম্যাচে ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও অন্য ম্যাচ নিয়েও কথা বলতে দেখা যেতে পারে তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত