পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

আপডেট : ১১ মে ২০১৯, ১০:০১ পিএম

পাকিস্তানের কিশোরদের বিপক্ষে বড় জয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশের কিশোররা। শনিবার মাহফুজুর রহমান রাব্বীর অলরাউন্ড নৈপুণ্যে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এদিন বাংলাদেশ ৮৯ রানে হারায় পাকিস্তানকে। টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ৯ উইকেটে ২২৮ রানের পুঁজি গড়ে। জবাবে ১০.২ ওভার বাকি থাকতেই গুটিয়ে গেছে পাকিস্তান। এর আগে দুটি তিন দিনের ম্যাচ খেলেছিল দুই দল। সেই সিরিজও নিজেদের করে বাংলাদেশের কিশোররা।

এদিন বাংলাদেশ ২৯ রানেই প্রথম দুই উইকেট হারায়। তবে তিন নম্বরে নেমে ৩৪ রানের ইনিংস খেললেন সাকিব শাহরিয়ার। ৩১ বলের ইনিংসে ৬টি চার হাঁকান তিনি।

এরপরও স্কোর বোর্ডে ১০৯ রান তুলতেই ৭ উইকেটে হারিয়ে ফেলে বাংলাদেশের কিশোররা। সেখান থেকে দলকে বড় লক্ষ্য এনে দেওয়ার মূল অবদান মাহফুজুর রহমান রাব্বীর। সঙ্গে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন আজিজুল হক রনি।

৭১ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৬ রান করেন রাব্বী। নয় নম্বরে নেমে আজিজুল হক রনি খেলেছেন ৬৪ বলে ৩৫ রানের দারুণ ইনিংস।

এরপর বল হাতে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের কিশোররা । কাসিফ আলি ৬৪ রানের ইনিংস খেললেন। কিন্তু অন্যরা সেভাবে দাঁড়াতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান এসেছে মোহাম্মদ ওয়াকাসের ব্যাট থেকে।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মুশফিক হাসান, আজিজুল হক রনি ও মাহফুজুর রহমান রাব্বী। ম্যাচ সেরা হয়েছেন মাহফুজুর রহমান রাব্বী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত