ভারতীয় গোয়েন্দা তথ্য

বুদ্ধপূর্ণিমায় বাংলাদেশে হামলার আশঙ্কা

আপডেট : ১২ মে ২০১৯, ০২:২৬ এএম

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেছে ভারতীয়

গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)। এতে পশ্চিমবঙ্গজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে দেশটির সরকার। গতকাল শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়েছে, ১২ মে (আজ) বুদ্ধপূর্ণিমায় বাংলাদেশভিত্তিক নিষিদ্ধ সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) অথবা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএস হামলা পরিকল্পনা করছে। সম্ভাব্য এ হামলা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বৌদ্ধ মন্দিরগুলোতে হতে পারে বলে জানিয়েছে আইবি।

গত শুক্রবার এই সতর্কবার্তা পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। গত মাসে ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার পর পশ্চিমবঙ্গে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়। হিন্দু ও বৌদ্ধ মন্দিরে নিরাপত্তা জোরদার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

বিজনেস টাইমসের খবর বলছে, গত ২৭ এপ্রিল আইএসপন্থি একটি টেলিগ্রাম চ্যানেলে বাংলায় প্রকাশিত একটি বার্তায় ঘোষণা দেওয়া হয়েছিল, ‘শিগগিরই আসছি’। শ্রীলঙ্কায় হামলার জন্য ন্যাশনাল তাওহিদ জামায়াত (এনটিজে)-কে দায়ী করে আসছে লঙ্কান কর্র্তৃপক্ষ। এনটিজে’র সঙ্গে জামা’আতুল মুজাহিদীন ইন্ডিয়ার (জেএমআই) ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী রুয়ান বিজয়বর্ধনে এর আগে বলেছিলেন, শ্রীলঙ্কার সিরিজ হামলায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ভারতীয় শাখা জেএমআই জড়িত থাকতে পারে।

ভারতে জেএমআই’র কর্মকাণ্ড সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। তবে একাধিক খবরে ভারতে তাদের উপস্থিতির ইঙ্গিত পাওয়া যায়। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে জেএমবি’র দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত