মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দাবি, তারা ভারতে ‘উইলায়াহ অব হিন্দ’ নামে একটি প্রদেশ প্রতিষ্ঠা করেছে। জম্মু-কাশ্মীরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে কয়েকজনের প্রাণহানির পর এই দাবি করল জঙ্গিগোষ্ঠীটি। আইএস-নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আমাক নিউজ এজেন্সি শুক্রবার এই প্রদেশ প্রতিষ্ঠার ব্যাপারে
জানিয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কাশ্মীরের সোফিয়ান জেলার আমশিপোরা এলাকায় সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর বেশ কিছু সদস্য নিহত হয়েছে বলেও দাবি করেছে আমাক। আইএসের দাবির ব্যাপারে জানতে কাশ্মীরের নিরাপত্তার দায়িত্বে থাকা ভারতীয় এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।
এদিকে গত শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সোফিয়ান জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এনকাউন্টারে ইশফাক আহমদ সফি নামে এক জঙ্গি নিহত হয়েছে। এ বছরের এপ্রিলে সিরিয়া ও ইরাকে নিজেদের নিয়ন্ত্রণে থাকা কথিত খিলাফতের শেষ ভূখণ্ড থেকে বিতাড়িত হয় সে।
গত মাসে ইস্টার সানডের দিনে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে তিনটি গির্জা ও বিলাসবহুল তিনটি হোটেলে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ২৫৩ জনকে হত্যার দায় স্বীকার করে আইএস। জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা সাইট ইনটেলিজেন্স গ্রুপের পরিচালক রিটা কার্টজে বলেছেন, এই অঞ্চলে যাদের বাস্তব শাসনব্যবস্থার অনুরূপ কিছুই নেই; সেখানে নিজেদের পতনের মুহূর্তে একটি প্রদেশ প্রতিষ্ঠা করার বিষয়টি বেশ অস্পষ্ট।
