গত বছরের ডিসেম্বরে ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাস। বিয়ের পর পাঁচ মাস কেটে গেছে। ভক্তরা অপেক্ষায় আছেন, কবে প্রিয়াঙ্কা চোপড়ার কোলজুড়ে আসবে ফুটফুটে সন্তান। নিরাশ করছেন না এ বিশ্বতারকাও। বললেন, মা হওয়ার জন্য মুখিয়ে আছেন তিনিও। মা হবেন কবে? গণমাধ্যমের মুখোমুখি হলেই এ প্রশ্ন অবধারিত। গতকাল মা দিবস উপলক্ষে একই প্রশ্নের সম্মুখীন হলেন। মা হতে চান? এমন প্রশ্নের জবাবে ইঅনলাইন ডটকমকে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘হ্যাঁ। সব সময়। সর্বদাই হতে চাই। আমার মনে হয় আপনিও জানেন, ঈশ্বর যেদিন চাইবেন, সেদিনই হব।’ নিকের সঙ্গে বিয়ের দুই মাস আগে, গত বছরের অক্টোবরে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘আমার খুব কম বন্ধুরই বাচ্চা রয়েছে। আমি মনে মনে বলি, ওহ ঈশ্বর, বাচ্চা নিতে চাই!’
২০১৭ সালের মেট গালায় কিংবদন্তি ডিজাইনার রালফ লরেনের পোশাক পরে একসঙ্গে লালগালিচায় হাঁটেন নিক-প্রিয়াঙ্কা। এরপরই তাদের রোমান্সের গুঞ্জন শুরু হয়। এবারের ৭২তম মেট গালায় ভিন্নরূপে আবির্ভূত হন প্রিয়াঙ্কা চোপড়া। সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে তার সাজ নিয়ে নানা বিদ্রপ হয়েছে। তবে সমালোচকরা পছন্দ করেছেন তার নতুন লুক।
প্রিয়াঙ্কা চোপড়াকে সর্বশেষ হলিউড ছবি ‘ইজ নট ইট রোমান্টিক’-এ দেখা গেছে। আগামীতে ‘দ্য স্কাই ইজ পিংক’-এ দেখা যাবে।
