দিল্লিতে ভোট দিলেন ১১১ বছরের বচ্চন

আপডেট : ১৩ মে ২০১৯, ০৩:৫৯ এএম

দিল্লিতে ষষ্ঠ ধাপের নির্বাচনে রাজধানীর ৯৬ জন শতবর্ষী ভোট দিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। আর এই শতবর্ষীদের মধ্যে সবার নজর কেড়েছেন ১১১ বছর বয়সী বচ্চন সিং। দিল্লির শান্তগড় এলাকায় ছেলে জসবীর সিংকে নিয়ে ভোট দিতে আসেন তিনি।

জসবীর সিং এনডিটিভিকে জানান, ‘তার বাবা ১৯৫১ সাল থেকে অনুষ্ঠিত সব নির্বাচনেই ভোট দিয়েছেন।’বচ্চন সিংয়ের জামাতা বলেন, ‘ভোট দেওয়ার সময় তিনি খুব ভালো অনুভব করছিলেন। নির্বাচনী কর্মকর্তারা তার সঙ্গে অনেক কথা বলেছেন। তারা তাকে একটি সার্টিফিকেট, ফুলের তোড়া এবং একটি মগ দিয়েছে।’

দিল্লির নির্বাচন কমিশন কর্মকর্তারা বচ্চন সিংয়ের বাড়িতে যান ভোট দেওয়ার আহ্বান জানাতে। তাকে ভোটকেন্দ্রে আনা-নেওয়ার ব্যবস্থাও করে নির্বাচন কমিশন।

দিল্লির সিইও দপ্তরের পরিসংখ্যান অনুসারে, বয়োবৃদ্ধ ৯৬ জনের মধ্যে ৪২ জন পুরুষ এবং ৫৪ জন নারী। সিইও দপ্তর থেকে জানানো হয়, ‘একজন জ্যেষ্ঠ নির্বাচনী কর্মকর্তা সব শতবর্ষী ভোটারদের বাড়িতে যান এবং তাদের ভোটকেন্দ্রে নিয়ে যেতে সহায়তা করেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত