গৃহবধূকে হত্যার ৬ ঘণ্টা পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট : ১৩ মে ২০১৯, ০৪:০৬ এএম

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় ঘরে ঢুকে এক গৃহবধূকে গুলি চালিয়ে হত্যার ৬ ঘণ্টার মাথায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে প্রধান আসামি নিহত হয়েছেন। গতকাল রবিবার ভোররাতে কল্পলোক আবাসিক এলাকায় নিহত হন শাহ আলম নামে ওই ব্যক্তি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার রাত ১০টার দিকে নগরীর বাকলিয়ার বজ্রঘোনা এলাকায় সন্ত্রাসী শাহ আলম দলবল নিয়ে রুবেলকে মারতে যান। ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন বুবলী আক্তার (২৮)। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই হত্যাকাণ্ডের প্রধান আসামি ছিলেন শাহ আলম। 

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) আবদুর রউফ জানান, গৃহবধূ বুবলী হত্যায় জড়িতদের অবস্থানের গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল রবিবার ভোররাতে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শাহ আলমের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় বাকলিয়া থানার ওসিসহ চার পুলিশ সদস্য আহত হন বলেও জানান তিনি।

পুলিশ কর্মকর্তারা জানান, এলাকায় আধিপত্য নিয়ে ৬ মাস আগে শাহ আলম ও হাসানের মধ্যে মারামারি হয়েছিল। এ ঘটনায় হাসানের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান শাহ আলম। সম্প্রতি তিনি জামিনে এসে আবারও হাসানের সঙ্গে বিরোধে জড়ান। গত শনিবার সন্ধ্যায় হাসানকে মারতে গেলে শাহ আলমকে বাধা দেন রুবেল। এতে ক্ষুব্ধ হয়ে রাতেই রুবেলকে মারতে তার বাসায় যান শাহ আলম। আর সেখানেই খুন হন রুবেলের বোন বুবলী।

এদিকে বাকলিয়া থানার ওসি মো. নেজাম উদ্দিন জানান, বুবলী হত্যার ঘটনায় নুরুল আলম ও  মো. নবী নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত