ভারতের ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে বরাবরই সরব গুণী অভিনেত্রী শাবানা আজমি। কিছুদিন আগে কানাইয়া কুমারের হয়ে নির্বাচনের প্রচার করতে দেখা গেছে তাকে। বিজেপিকে ভোট না দেওয়ার কথাও বলেছেন। জানান, বিজেপির শাসনে ভারতে ধর্মনিরপেক্ষতা বিপন্ন।
এরই মাঝে শোনা যায়, নরেন্দ্র মোদি যদি আবার প্রধানমন্ত্রী হন, তবে দেশ ছাড়বেন শাবানা।
তবে এই রটনা মিথ্যা বলে সম্প্রতি অভিযোগ জানালেন তিনি। মোদি ফের প্রধানমন্ত্রী হলে দেশ ছাড়বেন, এমন কোনো মন্তব্যই নাকি করেননি। এই নিয়ে একটি টুইটও করেন।
শাবানা লেখেন, “আমি কখনো এমন কথা বলিনি। আমার এমন কোনো অভিপ্রায়ও নেই। এখানেই আমি জন্মেছি। এখানেই আমার মৃত্যু হবে।”
তার মতে, যারা এই ধরনের খবর প্রচার করে তারা ক্রমাগত মিথ্যা কথা বলতে থাকে। যেকোনোভাবে এই ভুয়া খবর বিশ্বাস করানোর চেষ্টা করে তারা। শাবানার ক্ষেত্রেও তাই হয়েছে। এই নিয়ে আর কথা বাড়াতে চান না।
এর আগে অসহিষ্ণুতা ও সন্ত্রাসের বিরুদ্ধে মুখ খোলেন শাবানা। পাকিস্তানি অভিনেতা ও অভিনেত্রীদের ভারতে কাজ করা নিয়েও আপত্তির কথা প্রকাশ্যে জানান। সাংবাদিক গৌরী লঙ্কেশ খুন হওয়ার পর সরব হয়েছিলেন। তিন তালাকের বিরুদ্ধে মুখ খোলেন৷
এ ছাড়া রাজনৈতিক উত্তেজনার কারণে মাস কয়েক আগে পাকিস্তানে অনুষ্ঠিত এক সাহিত্য সম্মেলনে যাওয়া থেকে বিরত থাকেন। ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় শাবানার বাবা কাইফি আজমির সম্মানে।
