সম্মেলনের প্রায় ১০ মাস পর সোমবার ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হলেও তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
কমিটিতে পদ না পেয়ে ছাত্রলীগের একটি অংশ বিক্ষোভ করে। এ নিয়ে সংঘর্ষও হয়।
পদবঞ্চিত নেতারা সোমবার রাতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, অযোগ্য ও বিতর্কিতদের কমিটিতে আধিপত্য দেওয়া হয়েছে।
তারা বলেন, বিতর্কিত, চাকরিজীবী, নিষ্ক্রিয়, বিবাহিত, মাদক ব্যবসায়ী, হত্যা মামলার আসামি, ছাত্রী নির্যাতনকারীদের পদ দেওয়া হয়েছে।
এর প্রতিবাদে পদবঞ্চিত নেতারা সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে সাংবাদিক সম্মেলন করতে আসলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
এ সময় নারী নেত্রীদের লাঞ্ছিত করেন সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারীরা।
হামলায় পদবঞ্চিত সাত ডাকসু নেতাসহ আহত হন ১২ জন।
সোমবার বিকেলে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের পরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল করলে তাদের ওপর প্রথম দফা হামলার ঘটনা ঘটে।
পরে সন্ধ্যায় মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করতে আসলে আবার মারধর করা হয় তাদের।
এতে মধুর ক্যানটিন লণ্ডভণ্ড হয়ে যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিগত কমিটির দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, সাবেক প্রচার সম্পাদক সাইফ বাবু, সাবেক উপ-অর্থ সম্পাদক (নতুন কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক) এবং ডাকসুর সদস্য তিলোত্তমা শিকদার, বিএম লিপি, আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হলের সেক্রেটারি শাহেদ খান, বঙ্গবন্ধু হলের আল আমিন রহমান, ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত, সাবেক উপ-স্কুলবিষয়ক সম্পাদক সৈয়দ আরাফাতসহ দেড় শতাধিক নেতাকর্মী।
এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারীরা রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রাবনী দিশা, বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রাবণী শায়লা, রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি বিএম লিপি আক্তার, সুফিয়া কামাল হল ছাত্রলীগের সাবেক সভাপতি তিলোত্তমা শিকদারসহ নারী নেত্রীদের লাঞ্ছিত করে।
এ সময় রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রাবনী দিশার মাথা ফেটে যায়।
হামলার বিষয়ে তিলোত্তমা শিকদার বলেন, বিক্ষোভ মিছিল করলে নতুন কমিটির সবাই বাধা দিলেও সহসভাপতি সাদিক খান ও রাকিব উদ্দিন আমাকে ও বিএম লিপিকে মারধর করেছে।
তিনি বলেন, 'যাদের দীর্ঘদিন দেখি না, বিবাহিত, মাদক ব্যবসায়ী তারা বড় বড় পদে পেয়েছে। আমাদের বঞ্চিত করা হয়েছে। এই কমিটি মানি না'।
'আজকে আমরা মধুতে গেলে আমাদের ওপর শোভন-রাব্বানীর অনুসারীরা হামলা করে। আমার চারটা ইনজেকশন দিতে হয়েছে'।
সাবেক প্রচার সম্পাদক সায়িফ বাবু বলেন, 'তারা একটি বিতর্কিত কমিটি ঘোষণা করেছে। আপনারা জানেন এই কমিটিতে শিবির কোটাধারীদের স্থান দেওয়া হয়েছে। আজকে নিয়মতান্ত্রিক আন্দোলন করতে গেলে আমাদের ওপর হামলা করে। আমরা এ কমিটির বাতিল চাই'।
পদবঞ্চিত নেতাদের অভিযোগ, নতুন কমিটির সহসভাপতি আমিনুল ইসলাম বুলবুল হত্যা মামলার আসামি। সহসভাপতি শাহরিয়ার কবির বিদ্যুৎ মাদক ব্যবসায় জড়িত। সহসভাপতি বরকত হাওলাদারকে শিক্ষকের গায়ে হাত তোলায় ঢাবি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। আরেক সহসভাপতি তানজিল ভূঁইয়া তানভীরের বয়স ৩০'র ঊর্ধ্বে। সহসভাপতি আতিকুল রহমান খানের বিরুদ্ধে রয়েছে মাদক ও ইয়াবা সেবন ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ। এ ছাড়া পহেলা বৈশাখের কনসার্টে আগুন দেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।
তারা আরো অভিযোগ করেন, সহসভাপতি মাহমুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার পরিবার জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। দপ্তর সম্পাদক আহসান হাবীব সাবেক চাকরিজীবী এবং তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে বৈশাখী কনসার্টে আগুন দেওয়ার অভিযোগ আছে। সহসভাপতি সুরঞ্জন ঘোষের বয়স ৩০'র বেশি। ২নং যুগ্ম-সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী ২০১৪-১৫ সেশনে পরীক্ষায় নকলের দায়ে ঢাবি থেকে তিন বছরের জন্য বহিষ্কৃত হয়েছিল। এ ছাড়া তার বিরুদ্ধে রয়েছে পহেলা বৈশাখের কনসার্টে আগুন দেওয়ার অভিযোগ।
তারা আরো অভিযোগ করেন, সহসভাপতি পদ পাওয়া আরেফিন সিদ্দিকি সুজনকে এক সময় ইয়াবা সেবন ও মাদক রাখার জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছিল। সহসভাপতি সোহেল রানার বয়স ৩০'র বেশি। তিনি ছাত্রলীগে নিষ্ক্রিয় ছিলেন বলে জানা যায়। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিনুল হক চৌধুরী ছোটন বর্তমান কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের আপন ছোট ভাই বলে জানা যায়। তিনি ছাত্রলীগে নিষ্ক্রিয়।
