কাঁচা আম পাড়ায় পুঠিয়ায় ৬ জনের জেল

আপডেট : ১৪ মে ২০১৯, ০২:৪৯ এএম

রাজশাহীর পুঠিয়ায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে কাঁচা আম পাড়ায় ছয়জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৩০ মণ লক্ষণভোগ আম জব্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে পুঠিয়ার সরিষাবাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওলিউজ্জামান।

ওলিউজ্জামান জানান, গত রবিবার রাজশাহীর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কৃষি বিভাগের কর্মকর্তা, ফল গবেষক, আমচাষি ও আম ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় জাতভেদে আম নামানোর সময় নির্ধারণ করা হয়। ১৫ মের পরে গুটি জাতের আম, ২০ মের পরে গোপালভোগ এবং ২৫ মের পরে লক্ষণভোগ (লখনা) আম পাড়ার

নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশ অমান্য করে সরিষাবাড়ী গ্রামের খালেকের আমবাগান থেকে অপরিপক্ব আম বাজারজাত করতে গাছ থেকে পাড়েন ব্যবসায়ী মেহেদী হাসান রতন। পরে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ছয়জন শ্রমিককে আটক করা হয়। তিনি জানান, অসৎ উদ্দেশ্যে অপরিপক্ব আম বাজারজাত করতে গাছ থেকে নামিয়েছেন বলে তারা স্বীকার করেছেন। তাদের পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত আম এতিম শিক্ষার্থী ও আবাসন প্রকল্পের আওতায় থাকা লোকজনদের মাঝে বিতরণ করা হয়েছে। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মনজুরে মাওলা, মৎস্য কর্মকর্তা ওমর আলী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত