আওয়ামী লীগ সরকার ঘূর্ণিঝড় ‘ফণি’র মতো ভয়ংকর বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল সোমবার বরগুনার পাথরঘাটা উপজেলায় ঘূর্ণিঝড় ফণিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ^র বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার নয়, আওয়ামী লীগ সরকার জনগণের কাছে ঘূর্ণিঝড় ফণির মতোই ভয়ংকর। ঘূর্ণিঝড়ের মতো জনগণ আওয়ামী লীগকেও ভয় পায়। আওয়ামী লীগ সরকার এখন জনগণের কাছে একটি আতঙ্কের নাম।’
উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানীর বাধাঘাটা এলাকায় এ পথসভায় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে গিয়ে এক সভায় তারেক রহমানকে উদ্দেশ করে বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়া কোনোদিনই জেল থেকে মুক্তি পাবেন না। লন্ডনে চিকিৎসার নাম করে গিয়ে তিনি বাংলাদেশ এবং বিএনপি নিয়ে ষড়যন্ত্র করেছেন।
চরদুয়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বরিশাল সিটির সাবেক মেয়র ও সাবেক হুইপ মো. মজিবর রহমান সরোয়ার, বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন প্রমুখ।
