প্রথম ম্যাচে ঠান্ডায় জমেছিলেন মুস্তাফিজ

আপডেট : ১৪ মে ২০১৯, ০৯:৩২ এএম

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আশানুরূপ জ্বলতে পারেননি বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমান। দুটি উইকেট নিলেও রান দেওয়ায় ছিলেন দায়সাড়া। তবে নিজেকে ফিরে পেতে মোটেও সময় নিলেন না কাটার মাস্টার। সিরিজে ক্যারিবীয়দের সঙ্গে দ্বিতীয় দেখায় দারুণ বোলিং করে দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

ডাবলিলের মেলাহাইড স্পোর্টস ক্লাব মাঠে রোববার উইন্ডিজকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। মুস্তাফিজের অসাধারণ বোলিংয়ে খুব একটা বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি ক্যারিবীয় দল। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৪৭ রানে থামে তাদের রানের চাকা। জবাবে ১৬ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

৯ ওভার বোলিং করে ৪৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারটি নিজের করে নেন মুস্তাফিজ। জানিয়েছেন, অত্যধিক ঠান্ডার কারণে আয়ারল্যান্ডের কন্ডিশনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে একটু সময় লাগছে তার। আর এই কারণেই প্রথম ম্যাচে আশানুরূপ বল করতে পারেননি তিনি।

“এই ম্যাচে আরো ভালো পারফর্ম করতে চেষ্টা করেছি আমি। এখানকার কন্ডিশন অনেক ঠান্ডা। আমাদের দেশে আমরা ৩২-৩৩ ডিগ্রি তাপমাত্রায় বল করি। এখানে আমাকে ৭-৮ ডিগ্রি তাপমাত্রায় বল করতে হয়। এমন পরিবেশে হঠাৎ করে বল করা কঠিন। ঠান্ডায় বল করতে আমার কিছু সমস্যা হয়। তবে এখন আমি এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।”

উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ভালো খেলতে পারায় আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন বলে জানালেন ফিজ, “আপনি যখন ভালো পারফর্ম করবেন, সেটা আপনাকে আত্মবিশ্বাস জোগাবে। প্রথম ম্যাচে আমি ভালো পারফর্ম করতে পারিনি। কিন্তু এই ম্যাচে ভালো বোলিং করেছি। এটা আমার জন্য ভালো ব্যাপার। এটা আমাকে সামনের ম্যাচগুলোতে আত্মবিশ্বাস জোগাবে। আমি ধারাবাহিক ভালো পারফর্ম করার চেষ্টা করব।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত