খালেদা জিয়াকে নিয়ে ‘ডার্টি গেম’ বন্ধ করুন: রিজভী

আপডেট : ১৪ মে ২০১৯, ০২:১১ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার কার্যক্রম পরিচালনায় কেরানীগঞ্জ কারাগারে অস্থায়ী আদালত স্থানান্তরকে ‘ডার্টি গেম তথা নোংরা খেলা’ আখ্যায়িত করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সরকারকে অবিলম্বে এ প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই হিংসার আগুনে একদিন হয়তো আপনাদের নিজেদেরই সর্বনাশ হবে।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির এই মুখপাত্র এসব কথা বলেন।

তিনি দাবি করেন, লন্ডন থেকে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর খালেদা জিয়ার মামলা পরিচালনার জন্য কেরানীগঞ্জের কারাগারে আদালত বসাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।

রিজভী বলেন, গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে পিজি (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আগুন নিয়ে আর খেলবেন না। এই হিংসার আগুনে একদিন হয়তো আপনাদের নিজেদেরই সর্বনাশ হবে। বাংলাদেশের মানুষের প্রিয় নেত্রীর জীবন নিয়ে যে ছিনিমিনি খেলছেন, সেই ‘ডার্টি গেম’ বন্ধ করুন। জামিনে হস্তক্ষেপ বন্ধ করুন। আদালতের ওপর প্রভাব বিস্তার বন্ধ করুন।”

এসময় বাংলাদেশের প্রাণ কৃষকদের এখন নাভিশ্বাস দশা উল্লেখ করে বিএনপি মুখপাত্র বলেন, ধান চাষ করে লোকসান দিয়ে তাদের পথে বসার অবস্থা হয়েছে। কৃষকের ঘরে ঘরে এখন হাহাকার।

এছাড়া তিনি বলেন, দেশে কর্মসংস্থানের অভাবে চাকরির জন্য জীবনবাজি রেখে ইতালি পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন ৩৭ জন হতভাগ্য ভাই।

রিজভী বলেন, “মিডনাইট সরকারের বিনা ভোটের মন্ত্রীরা কেউ বাংলাদেশকে কানাডা-স্পেনের সঙ্গে তুলনা করছেন। কেউ প্যারিস-লসএঞ্জেলস-সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাওয়ার কথা বলছেন। সরকারের উদ্দেশে বলতে চাই- চাপাবাজি দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে পারবেন না।”

সিরাজগঞ্জ শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানুকে কয়েকদিন আগে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো হদিস দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত